২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই ডিসেম্বরকে ভুলে যেতে চাইবে ম্যানচেস্টার ইউনাইটেড

পারফরম্যান্সে নেই কোনো উন্নতির ছাপ, একের পর এক সঙ্গী হচ্ছে পরাজয়; তাতে পুরোনো অনেক তিক্ত স্মৃতি ফিরে এসেছে ওল্ড ট্র্যাফোর্ডে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2024, 03:07 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

ব্যর্থতার দায়ে এরিক টেন হাগকে ছাঁটাই করে দলকে কক্ষপথে ফেরানোর দায়িত্ব দেওয়া হয় হুবেন আমুরিকে; কিন্তু এখন পর্যন্ত নেই কোনো সম্ভাবনার খবর। উল্টো যেন আরও করুণ হয়ে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেডের দশা। পারফরম্যান্সে নেই কোনো উন্নতির ছাপ, একের পর এক সঙ্গী হচ্ছে পরাজয়। তাতে পুরোনো অনেক তিক্ত স্মৃতি ফিরে এসেছে ওল্ড ট্র্যাফোর্ডে।

সবশেষ সোমবার রাতে প্রিমিয়ার লিগ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে প্রতিযোগিতার সফলতম দলটি। 

পুরো ম্যাচে ঐতিহ্যবাহী দলটির পারফরম্যান্স এতটাই সাদামাটা ছিল যে, একটি পরিসংখ্যানই যথেষ্ট তা ফুটিয়ে তুলতে; বল দখলে কিছুটা এগিয়ে থেকে গোলের জন্য ১০ শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। বছরের শেষ ম্যাচে এর চেয়ে খারাপ কিছু যেন দলটির জন্য আর হতে পারত না।

২০২৪ এর শেষের এই ফল ইউনাইটেডের বছরজুড়ে পথচলারই যেন প্রতিচ্ছবি। দলটির সাম্প্রতিক সময়ের বাজে পারফরম্যন্সের কিছু দিক তুলে ধরা হলো:

•     সব প্রতিযোগিতা মিলিয়ে ডিসেম্বরে মোট ছয়টি ম্যাচ হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড, ক্লাবের ইতিহাসে এক মাসে এই নিয়ে কেবল তৃতীয়বার এতগুলো ম্যাচ হারল তারা। 

এই মাসে মোট ১৮টি গোল হজম করেছে দলটি, ১৯৬৪ সালের মার্চের পর যা সর্বোচ্চ (সেবারও ১৮টি গোল খেয়েছিল তারা)।  

•    আমুরির কোচিংয়ে ইউনাইটেড প্রথম মাঠে নামে গত ২৪ নভেম্বর, সেই থেকে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে তাদের চেয়ে একমাত্র সাউথ্যাম্পটন (সাতটি) বেশি ম্যাচ হেরেছে।

•    প্রিমিয়ার লিগ টেবিলে ১৪তম স্থানে থেকে বছর শেষ করতে যাচ্ছে ইউনাইটেড; ইংল্যান্ডের শীর্ষ লিগে ১৯৮৯ সালের পর এই প্রথম এতটা বাজে অবস্থানে থেকে নতুন বছর শুরু করবে দলটি। ৩৫ বছর আগের সেই মৌসুমে বছরের শেষে ১৫ নম্বরে ছিল তারা, মৌসুম শেষ করেছিল ১৩তম হয়ে।

•    ১৯৭৯ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম ঘরের মাঠে টানা তিনটি লিগ ম্যাচ হারল ইউনাইটেড (নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৩-২, বোর্নমাউথের বিপক্ষে ৩-০ এবং সবশেষ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে পরাজয়)। আর ২০১৫ সালের ডিসেম্বরের পর এই প্রথম একই মৌসুমে টানা তিনটি প্রিমিয়ার লিগের ম্যাচ হারল দলটি; ৯ বছর আগে সেই সময়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তাদের লুই ফন খালের কোচিংয়ে।