১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেষ ম্যাচের ১১ বছর পর রোনালদিনিয়োর নতুন অধ্যায়

ইতালির ক্লাব রাভেন্নায় যোগ দিয়েছেন ৪৬ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 01:59 PM

Updated : 16 Sep 2026, 12:59 PM

গত জুনে যখন খবরটি প্রকাশিত হলো, কারও কাছে এটা মনে হয়েছিল প্রতারণা, কারও কাছে রসিকতা। কেউ ছিলেন বিভ্রান্ত। কিন্তু সেটিই বাস্তব হয়ে উঠল এবার। ব্যক্তিগত বিমানের সিড়ি বেয়ে বেরিয়ে এলেন রোনালদিনিয়ো। গায়ে ফুলের নকশার শার্ট ও বারমুডা শর্টস, মাথায় সেই পরিচিত ফ্ল্যাট ক্যাপ। ৪৬ বছর বয়সে সত্যিই ইতালির ক্লাব রাভেন্না এফসিতে যোগ দিলেন ব্রাজিলের কিংবদন্তি!

ইতালির তৃতীয় বিভাগের ক্লাবটি গত ১৯ জুন জানায় রোনাদিনিয়োর সঙ্গে চুক্তির খবর। এই ক্লাবের কর্ণধার হোটেল ব্যবসায়ী ইগনাৎসিও চিপ্রিয়ানি তার বন্ধু। 

এই ক্লাবে রোনালদিনিয়োর ভূমিকা নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে এখনও। ফুটবলার হিসেবেই তিনি নিবন্ধন করেছেন। পেশাদার ফুটবলারের দলবদলের মতোই সেখানে গিয়ে প্রথাগত মেডিকেল পরীক্ষা করান। ক্লাব সভাপতির ব্যাখ্যা অনুযায়ী, রাভেন্ন ক্লাবের একজন অংশীদার হতে চলেছেন বিশ্বকাপজয়ী এই তারকা, তবে তিনি মাঠেও ভূমিকা পালন করবেন, হলুদ-লাল জার্সিতে তার ‘ক্যারিয়ারের শেষ গোলটি’ করার স্বপ্ন নিয়ে। রোনালদিনিয়ো নিজে যদিও মাঠে নামার কথা সরাসরি বলেননি এখনও। 

১৯৯৮ সালে গ্রেমিওর হয়ে পেশাদার ফুটবলে পা রাখা রোনালদিনিয়ো পরে খেলেছেন পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের মতো ক্লাবে। স্বীকৃত পর্যায়ে সবশেষ খেলেছেন তিনি ২০১৫ সালে নিজ দেশের ক্লাব ফ্লুমিনেসির হয়ে। যদিও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন ২০১৮ সালের জানুয়ারিতে। রাভেন্না তার ক্যারিয়ারের নবম ক্লাব। 

রাভেন্না এফসিকে ইতালির শীর্ষ লিগে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন চিপ্রিয়ানি। রোনালদিনিয়োকে আনার পেছনে অবশ্য অন্য আরেকটি তাড়নার কথা জানালেন তিনি।

“পুরো শহরকে আমাদের দলের কাছাকাছি আনতে চাই আমরা, ক্লাবের সঙ্গে সবাইকে সম্পৃক্ত করতে চাই। নতুন মৌসুমের জন্য প্রচুর আনন্দ ও উত্তেজনা নিয়ে বড় ভক্তগোষ্ঠী তৈরি করাই আমাদের উদ্দেশ্য।

এটি কোনো লোকদেখানো ব্যাপার বা বিপণনের কৌশল নয়। রাভেন্না এফসির একজন শেয়ারহোল্ডার হবেন রোনালদিনিয়ো– এটাই এই কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু।”

চিপ্রিয়ানি শুরুতে বলেছিলেন, ক্যারিয়ারের শেষ গোলটি করার আশায় এই ক্লাবে অন্তত একটি ম্যাচ খেলবেন রোনালদিনিয়ো। ইতালিয়ান ফুটবল টিভি জানিয়েছে যে, সোমবার রেজ্জানার বিপক্ষে মৌসুমের উদ্বোধনী ম্যাচটিতেই দেখা যাবে এই তারকাকে। ম্যাচটিকে ক্লাবের জন্য বড় একটি ‘উপহার’ বলেও অভিহিত করেন সভাপতি।

তবে চিপ্রিয়ানি নিশ্চিত করেন, প্রতিপক্ষের মাঠে ম্যাচটিতে থাকছেন না রোনালদিনিয়ো। 

সামনের কোনো সময়ে তাকে মাঠে দেখা যাবে কি না, ক্লাবের জার্সি পরে ক্যারিয়ারের ৩০০তম গোলটি করার আশা করেন কিনা, প্রশ্নটি করা হয় সরাসরি রোনালদিনিয়োকেই। বিশ্বকাপজয়ী তারকা চওড়া হাসিতে ছোট্ট উত্তরে রহস্য রেখে দেন। 

“এমনটা যদি হয়, তবে তা আরও সুন্দর হবে। তবে আমি আসলেই খেলব কি না, তা নির্ভর করছে ক্লাব সভাপতি এবং ট্রেনারের ওপর।”

এসি মিলানের হয়ে খেলার সময়টার স্মৃতিচারণ করলেন তিনি। রাভেন্নাতে যোগ দেওয়ার কারণও ব্যাখ্যা করলেন।

“মিলান ডার্বি আমার আগের ইতালি অভিজ্ঞতার সবচেয়ে সুন্দর স্মৃতি। বন্ধুত্ব এবং আবেগই হলো সেই চাবিকাঠি, যা আমাকে এখানে ফিরিয়ে এনেছে। আমাদের মধ্যে যে বন্ধুত্ব রয়েছে, তার কারণেই আমি এখানে এসেছি।

(এই ক্লাবে আসার উদ্দেশ্য) সাহায্য করা, অন্য খেলোয়াড়দের উৎসাহিত করা এবং একটি দুর্দান্ত মৌসুম কাটানো। সম্ভব হলে জেতা। আমরা দলের ভালো খেলার জন্য অপেক্ষা করব। আমি এখানে সাহায্য করার জন্যই আছি।”

রোনালদিনিয়োকে স্বাগত জানাতে উপস্থিত ছিল ৬ হাজারের বেশি সমর্থক। বক্তব্য পর্বের পর  মারিনা দি রাভেন্নার সৈকতে স্থাপিত একটি মঞ্চে জাঁকজমকপূর্ণভাবে পার্টি শুরু হয়, যেখানে পুরো স্কোয়াডকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ছিল নানা আয়োজন। ক্লাব সভাপতি বলেন, এবারই তারা সেরি বি-তে উঠতে চান। 

রাভেন্না শহরের সমর্থকদের উন্মাদনা নিয়ে রোনালদিনিয়ো স্বভাবসুলভ হাসিতে বলেন, “আমি এইমাত্র এসেছি, কিন্তু পুরো শহরের সঙ্গে এই অভিজ্ঞতাটা উপভোগ করার আমার প্রবল ইচ্ছা আছে। আমার লক্ষ্য হলো আনন্দ এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়া।”

ক্যারিয়ারের সেরা সময়ে রোনালদিনিয়ো ছিলেন সত্যিকারের জাদুকর।  ব্রাজিলের হয়ে তিনি খেলেছেন ৯৭ ম্যাচ খেলেছেন, বড় ভূমিকা রেখেছেন ২০০২ বিশ্বকাপ জয়ে। ফিফা বর্ষসেরা ফুটলারে খেতাব জিতেছেন দুবার (২০০৪, ২০০৫) এবং ২০০৫ সালে জিতেছে ব্যালন দ’র 

তিনিই ইতিহাসের একমাত্র ফুটবলার, যিনি ব্যালন দ’রের পাশাপাশি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ এবং কোপা লিবার্তাদোরেস জিতেছেন।