ক্যারিয়ারে ‘শীর্ষ অবস্থান থেকেই’ দেশে ফিরতে মরিয়া মরিনিয়ো
বর্তমানে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরে চলে গেলেও, নিজেকে এখনও সেরা অবস্থাতেই দেখেন এই পর্তুগিজ।
অনেক দেশ ঘুরে, নানা ক্লাবে সাফল্য-ব্যর্থতার গল্প লিখে, এখন স্বদেশে ফেরার তাড়না অনুভব করছেন পর্তুগিজ কোচ জোসে মরিনিয়ো। কোচিং ক্যারিয়ারে এখনও তার অনেক কিছু দেওয়ার আছে বলেও বিশ্বাস করেন স্বঘোষিত এই ‘স্পেশাল ওয়ান।’
ক্যারিয়ার জুড়ে অসংখ্য বিতর্কিত ঘটনার জন্ম দেওয়া মরিনিয়ো অনেক সাফল্যও পেয়েছেন। বর্তমানে তিনি ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরে চলে গেলেও, নিজেকে এখনও সেরা অবস্থাতেই দেখেন।
তুরস্কের ক্লাব ফেনারবাচের সঙ্গে চুক্তির এক বছর বাকি আছে ৬২ বছর বয়সী মরিনিয়োর। প্রাক মৌসুমে পর্তুগিজ ক্লাব পোর্তিমোনেন্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে জয়ের পর স্বদেশে ফেরার ইচ্ছার কথা জানান মরিনিয়ো।
“অবশ্যই আমি পর্তুগালে ফিরব। এখনও এটা ঘটেনি, তবে অবশ্যই এমনটাই হবে।”
“কারণটা এমন নয় যে, আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছি, শেষের এখনও অনেক দূরে বলেই আমার মনে হয়। জমকালো কোনো অবসরের জন্য কিংবা ক্যারিয়ারের শেষের কয়েক বছরের জন্য আমি পর্তুগালে ফিরতে চাই না। ক্যারিয়ারের শীর্ষ পর্যায় থেকে, সুস্থ অবস্থায়, শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী থেকেই আমি পর্তুগালে ফিরতে চাই। অবশ্যই আমি ফিরব।”
ফুটবল বিশ্বকে বিস্ময়ে ভাসিয়ে স্বদেশের ক্লাব পোর্তোকে ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতান মরিনিয়ো এবং হয়ে ওঠেন ক্লাবগুলোর সবচেয়ে কাঙ্ক্ষিত কোচদের একজন। অবিশ্বাস্য ওই কীর্তি গড়ার পরপরই তিনি চেলসিতে যোগ দেন।
ক্যারিয়ারে বর্তমানে দশম ক্লাবের কোচিং করাচ্ছেন মরিনিয়ো। এর মধ্যে চেলসিতে কাজ করেছেন দুই মেয়াদে। দীর্ঘ পথচলায় পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রেয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও রোমার হয়ে ২৬টি শিরোপা জিতেছেন তিনি।
পর্তুগালের কোনো ক্লাবের নাকি জাতীয় দলের ডাগআউটে ফিরতে চান?-এমন প্রশ্নের উত্তরে মরিনিয়ো বলেন, “যেকোনো একটা হলেই হবে।”
