ক্লাব বিশ্বকাপ ‘ধ্বংস’ করে দিতে পারে ম্যান সিটিকে, শঙ্কা কোচের
তারপরও অবশ্য ক্লাব বিশ্বকাপ নিয়ে ইতিবাচক কথাই বললেন পেপ গুয়ার্দিওলা, বরং এই টুর্নামেন্টের সমালোচকদের মধ্যে ঈর্ষা দেখতে পাচ্ছেন ম্যানচেস্টার সিটি কোচ।
ক্লাব বিশ্বকাপের কারণে ফুটবলারদের ক্লান্তি, শ্রান্তি আর শারীরিক ধকল নিয়ে অন্য অনেকের মতো শঙ্কিত পেপ গুয়ার্দিওলাও। কয়েক মাস পর নিজের দলের ফুটবলারদের ভেঙে পড়ার শঙ্কাও তিনি করছেন। তবে এই টুর্নামেন্টের সমালোচকদের খোঁচা দিতেও ভুললেন না ম্যানচেস্টার সিটি কোচ। তার মতে, এই টুর্নামেন্টে খেলার সুযোগ না পেয়ে ঈর্ষা থেকেই অনেকে নানা কিছু বলছেন।
মৌসুম শেষে ফুটবলারদের যখন বিশ্রাম নেওয়ার সময়ই, তখনই আয়োজিত হচ্ছে এই ক্লাব বিশ্বকাপ। ক্লাব মৌসুম শেষে জাতীয় দলের বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ইউরোর মতো আসর তো হয়ে আসছে বরাবরই। এবার থেকে শুরু হয়েছে বড় পরিসরে এই ৩২ দলের বিশ্বকাপ। ফুটবলারদের শারীরিক ও মানসিক অবসাদের ব্যাপারটি নিয়ে আলোচনাও চলছে তুমুল।
ক্লাব বিশ্বকাপ আগে হতো মৌসুমের মাঝামাঝি পর্যায়ে ছোট পরিসরে। বড় আকারে ক্লাব বিশ্বকাপ যেহেতু এবারই প্রথম হচ্ছে, গুয়ার্দিওলা তাই নিশ্চিত নন, ফুটবলারদের শরীর ও মন কীভাবে সাড়া দেবে সামনের সময়টায়। তবে নতুন মৌসুমে তাকিয়ে বড় শঙ্কার মেঘ তার মনে জমা হয়েছে কিছুটা।
“টুর্নামেন্ট শেষে আমরা আরও ভালো করে বুঝতে পারব। ফাইনাল শেষে দেখা যাবে। আমরা কিছুটা বিশ্রাম নিতে পারি ও সময় নিতে পারি, প্রিমিয়ার লিগ আমাদেরকে সেই সময়টা দিয়েছে বিশ্রাম নেওয়ার। এরপর আমরা দেখব।”
“হয়তো নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারিতে বিপর্যয় নেমে আসবে (চোট নিয়ে)। হয়তো আমরা তখন ক্লান্ত-অবসন্ন থাকব ও ক্লাব বিশ্বকাপ আমাদেরকে ধ্বংস করে দেবে… আমি ঠিক জানি না, কারণ এই প্রতিযোগিতা তো আমরা জীবনে প্রথমবার খেলছি। মানসিকভাবে যদি বলি, ফুটবলাররা তো আগে ক্লাব মৌসুম শেষে বিশ্বকাপ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছে। এটা তাই একদম নতুন কিছু নয়। কখনও কখনও মানসিকভাবে বিশ্রামটাও গুরুত্বপূর্ণ। এতে ক্লান্তি কাটিয়ে ওঠা যায় এবং এরপর আমরা মাঠে ফিরলে বাকিটা বোঝা যাবে।”
ক্লাব বিশ্বকাপের সবচেয়ে কঠোর সমালোচনা করেছেন লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ। এই টুর্নামেন্টকে তিনি বলেছেন ‘ফুটবলের সবচেয়ে জঘন্য আইডিয়া।’ তার শঙ্কা, ফুটবলারদের এখন এমন চোট হতে পারে, যা আগে কখনও হয়নি।
ইংলিশ প্রিমিয়ার লিগে দীর্ঘদিনের প্রবল প্রতিদ্বন্দ্বী এই কোচের মন্তব্যকে একদম উড়িয়ে দিলেন না গুয়ার্দিওলাও। তবে ক্লপসহ সমালোচনায় সোচ্চার যারা, তাদেরকে খানিকটা খোঁচাও দিলেন সিটি কোচ।
“শুনুন, ইয়ুর্গেনের সঙ্গে অনেক অনেকবার লড়েছি আমি। ভালো করেই জানি, তার বক্তব্য কোন জায়গা থেকে এসেছে। এজন্যই তার মন্তব্য আমাকে খুব একটা বিস্মিত করেনি। তাকে আমি বুঝতে পারি, শ্রদ্ধা করি। এখন যেহেতু সে আর ম্যানেজার নেই, তার যুক্তি আমি বুঝতে পারি। তার হয়ে আমিও যুক্তি দেখাতে পারি।”
“আমরা তো ম্যানেজার, আমরা টুর্নামেন্ট আয়োজন করি না। তবে যখন আমরা এখানে খেলতে এসেছি, অবশ্যই আমরা গর্বিত। অনেক অনেক দলই এই টুর্নামেন্ট নিয়ে অভিযোগ করে, কারণ তারা এখানে আসতে পারেনি। এখানে খেলতে পারলে তাদেরও ভালো লাগত। এখানে খেলতে পারলে তাদের মিডিয়া ও সমর্থকেরা থাকত এখানে। এই আসরে খেলার জন্য অর্থ পেত তারা এবং তখন তারা খুশি থাকত।”
লম্বা ক্লাব মৌসুম শেষে নতুন মৌসুমের আগ পর্যাপ্ত বিরতি ও লম্বা প্রস্তুতি গুয়ার্দিওলার কাছেও কাঙ্ক্ষিত। তবে বাস্তবতাকে আলিঙ্গন করে নিতেও আপত্তি নেই তার।
“অবশ্যই ম্যানেজার হিসেবে এরকম টুর্নামেন্ট আদর্শ কিছু নয়। পরের মৌসুমের আগে দুই মাসের প্রস্তুতি পেলে কি আমার ভালো লাগত? অবশ্যই। পরের মৌসুমের জন্য দলকে কি তরতাজা চাই? হ্যাঁ। কিন্তু এই টুর্নামেন্টকেও মেনে নিতেই হবে এবং ধারাবাহিকভাবে সাফল্য পেয়েই এই জায়গাটা আমরা আদায় করেছি। যখন এখানে এসেছিই, সম্ভাব্য সেরা ফলাফলের চেষ্টাই করতে হবে।”
