মালদ্বীপ ম্যাচে আনাইকে পাচ্ছে না বাংলাদেশ
দ্বিতীয় ম্যাচের আগে এই ডিফেন্ডার সেরে উঠবে, আশায় জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন।
সতীর্থরা যখন প্রস্তুতিতে ব্যস্ত, তখন মাঠের এক কোণে গ্যালারিতে বিষন্ন মুখে বসে আছেন আনাই মোগিনি। চোট পাওয়া বাঁ পায়ের আঙুলে ব্যান্ডেজ নিয়ে বিক্ষিপ্ত মনে ঘোরাঘুরিও করলেন কিছুক্ষণ। প্রস্তুতি শেষে জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন নিশ্চিত করলেন, মালদ্বীপের বিপক্ষে ম্যাচে এই ডিফেন্ডারকে পাচ্ছে না দল।
নেপালের কাঠমান্ডুতে দশরথ স্টেডিয়ামে বুধবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে অধরা সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় মাঠে গড়াবে ম্যাচটি।
এ উপলক্ষে মঙ্গলবার দশরথ স্টেডিয়ামের পাশে আর্মি হেডকোয়ার্টার মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। এ মাঠেই গত রোববার প্রস্তুতি নিতে এসে দুর্ভাগ্যের ফেরে চোট পেয়েছিলেন আনাই। বাস থেকে নামার পর ঘাসের ভেতরে থাকা ইটের টুকরা ছোবল বসিয়েছে তার বাঁ পায়ের আঙুলে।
চোট অবশ্য তেমন গুরুতর নয়। ছোটনের আশা পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নির্ভরযোগ্য এই ডিফেন্ডারকে পাবেন তিনি।
“আশা করেছিলাম আনাইয়ের পা ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। ওকে না পাওয়াটা রক্ষণের জন্য কিছুটা ধাক্কা। তবে ওর বিকল্প দলে আছে। আশা করি, সমস্যা হবে না। আসলে ওকে আমাদের বেশি দরকার পাকিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচে। আশা করি, তার আগে সে সেরে উঠবে।”
গত জুনে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে দুই প্রীতি ম্যাচে রক্ষণে আলো ছড়িয়েছিলেন আনাই। ছোটনের ছক অনুযায়ী আঁখি খাতুন, মাসুরা পারভীনদের সঙ্গে রক্ষণ সামলানোর কথা ছিল তার। কিন্তু সেটা হচ্ছে না বলে মন খারাপ আনাইয়েরও।
নিজে খেলতে না পারলেও সতীর্থদের জন্য শুভকামনা জানিয়ে রাখলেন ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার।
“খেলার জন্যই এসেছি, কিন্তু খেলতে পারছি না। খারাপ তো লাগছেই। কিন্তু কিছু করার নেই। তবে আমি খেলতে না পারলেও আশা করি, মালদ্বীপকে হারিয়ে সাফে শুরু করবে দল।”
