২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেগানেসের বিপক্ষে নেই এমবাপে ও বেলিংহ্যাম

তাদের ছাড়াই কোপা দেল রের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে রেয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 08:21 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে লেগানেসের বিপক্ষে আরও দুই খেলোয়াড়কে ছাড়া নামতে হবে রেয়াল মাদ্রিদকে। ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে এই ম্যাচে পাওয়া যাবে না বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

চোটের কারণে আগে থেকে বাইরে আছেন ডিফেন্ডার এদের মিলিতাও, দানি কারভাহাল ও মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। সবশেষ গত শনিবার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন ডিফেন্ডার আন্টোনিও রুডিগার। মঙ্গলবার আরেক ডিফেন্ডার ডাভিড আলাবার বাঁ পায়ে চোটের কথা জানায় রেয়াল। ১৩ মাস বাইরে থাকার পর গত মাসে মাঠে ফিরেছিলেন তিনি।   

গত গ্রীষ্মের দলবদলে পিএসজি থেকে সান্তিয়াগো বের্নাবেউয়ে আসা এমবাপে সব প্রতিযোগিতা মিলিয়ে রেয়ালের হয়ে ৩৩ ম্যাচে গোল করেছেন ২১টি। মৌসুমে বেলিংহ্যামের ৩০ ম্যাচে গোল ১০টি। এস্পানিওলের বিপক্ষে পুরোটা সময়ই খেলেন দুজন। ওই ম্যাচে প্রতিপক্ষের বাজে ট্যাকলে মারাত্মক চোট পাওয়া থেকে বেঁচে যান এমবাপে।

আগামী শনিবার লা লিগার শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রেয়াল। এই ম্যাচের আগে এমবাপে ও বেলিংহ্যামকে নিয়ে ঝুঁকি নিতে চান না আনচেলত্তি। বুধবার লেগানেসের বিপক্ষে তাদের না খেলানোর কথা জানান তিনি।

“বেলিংহ্যামের আঘাত লেগেছিল এবং সে মাঠে নামবে না। ভিনিসিয়াস জুনিয়রকে সেরে ওঠার জন্য বাড়তি একটি দিন দেওয়া হয়েছে, তবে আগামীকাল (বুধবার) সে মাঠে নামবে।”

“এমবাপে আজ (মঙ্গলবার) অনুশীলন করেছে। তার পায়ের পেশিতে আঘাত লেগেছে। সে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে, তবে আগামীকালের (বুধবার) ম্যাচে সে খেলবে না।”