চেলসির রেকর্ড জরিমানা, দলবদলে নিষেধাজ্ঞা
প্রিমিয়ার লিগের নিয়ম ভাঙায় বড় শাস্তি পেয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।
আর্থিক প্রতিবেদন, তৃতীয় পক্ষের বিনিয়োগ ও যুব উন্নয়ন সম্পর্কিত প্রিমিয়ার লিগের নিয়ম ভাঙায় চেলসিকে মোট এক কোটি সাত লাখ ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। পাশাপাশি ক্লাবটির মূল দলের এক বছরের জন্য দলবদলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা দুই বছরের জন্য স্থগিত থাকবে।
এছাড়াও ক্লাবের একাডেমির তাৎক্ষণিকভাবে ৯ মাসের দলবদলের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। লিগ কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে এসব শাস্তির কথা জানিয়েছে।
প্রিমিয়ার লিগের দেওয়া সর্বোচ্চ জরিমানার রেকর্ড এটি । ২০০৭ সালে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে দেওয়া ৫৫ লাখ পাউন্ড জরিমানা ছিল আগের সর্বোচ্চ।
বিবৃতিতে বলা হয়েছে, চেলসির বর্তমান মালিকপক্ষ ২০২২ সালে স্বেচ্ছায় রিপোর্ট করেছিল যে, তাদের কাছে নিয়ম লঙ্ঘনের সম্ভাব্য প্রমাণ রয়েছে।
অভিযোগগুলো ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে।
তদন্তের পর প্রিমিয়ার লিগ বলেছে, তারা প্রমাণ করেছে যে, চেলসির সঙ্গে যুক্ত তৃতীয় পক্ষ গোপনে অর্থ দিয়েছিল খেলোয়াড়, অনিবন্ধিত এজেন্ট ও অন্যান্য তৃতীয় পক্ষকে।
“এই অর্থ দেওয়াটা সেই সময়ে ফুটবল নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে প্রকাশ করা হয়নি।”
২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত চেলসির মালিকানা ছিল রুশ ব্যবসায়ী রোমান আব্রামোভিচের। ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। ২০২২ সালে তিনি চেলসির মালিকানা বিক্রি করে দেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী টড বোয়েলি ও তার নেতৃত্বধানী ব্যবসায়িক গ্রুপের কাছে।
২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে দুটি করে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও লিগ কাপ জিতেছিল চেলসি।
