শিরোপা নিশ্চিত হওয়ার ম্যাচ দেখেননি আর্সেনাল কোচ
চ্যাম্পিয়ন হওয়ার কথা ছেলের কাছ থেকে জানতে পারেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
আর্সেনালের খেলোয়াড় ও কোচিং স্টাফের প্রায় সবাই তাকিয়ে তখন টিভি পর্দায়। ম্যানচেস্টার সিটি ও বোর্নমাউথের ম্যাচের শেষ বাঁশি বাজতেই বাঁধনহারা উদযাপনে মাতেন তারা। ২২ বছর পর লিগ শিরোপা জয়ে স্বাদ পাওয়া বলে কথা। তবে ‘স্নায়ুচাপের কারণে’ গুরুত্বপূর্ণ ম্যাচটির একটুও দেখেননি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা! দলের চ্যাম্পিয়ন হওয়ার কথা ছেলের কাছ থেকে জানতে পারেন তিনি।
প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই শেষ দিন পর্যন্ত টেনে নিতে গত মঙ্গলবার বোর্নমাউথের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না সিটির। হারের মুখ থেকে কোনোমতে ড্র করলেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি তাদের। ম্যাচটি ১-১ সমতায় শেষ হওয়ায় এক রাউন্ড বাকি থাকতেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যায় আর্সেনালের।
ওই ম্যাচের আগের দিন বার্নলির বিপক্ষে আর্সেনালের জয়ের পর আর্তেতা বলেছিলেন, সিটির বিপক্ষে বোর্নমাউথের ‘সবচেয়ে বড় সমর্থক’ থাকবেন তিনি। তবে ম্যাচটি কতটুকু দেখতে পারবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন সেদিনই।
আর্সেনালের ট্রেনিং সেন্টারে দলের সবার সঙ্গে সিটি-বোর্নমাউথ ম্যাচটি দেখার কথা ছিল আর্তেতার। কিন্তু মানসিক ও শারীরিকভাবে সেখানে যাওয়ার শক্তি পাননি তিনি। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর্তেতা বলেন, বাড়িতে বসেই ওই সময়টা কাটিয়ে দেন তিনি।
“আমি বাগানে চলে যাই, সেখানে আগুন জ্বালাতে শুরু করি। বারবিকিউ করা শুরু করি, ম্যাচের কিছুই দেখিনি।”
গত তিন মৌসুমেও লিগ শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েছিল আর্সেনাল। কিন্তু শেষ পর্যন্ত তিনবারই রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। এবার দীর্ঘ খরা কাটানোর সুসংবাদটা আর্সেনালের অনূর্ধ্ব-১৮ দলে খেলা বড় ছেলে গাব্রিয়েলের কাছ থেকে পান আর্তেতা।
“আমার বড় ছেলে বাগানের দরজা খুলে আমার দিকে দৌড়ে আসতে থাকে। সে কাঁদতে শুরু করে এবং আমাকে জড়িয়ে ধরে, আর বলে, আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি, বাবা। এরপর আমার বাকি দুই ছেলে ও স্ত্রীও ছুটে আসে। তাদের চোখে-মুখে সেই আনন্দ দেখাটাও ছিল দারুণ অনুভূতির।”
সামাজিক মাধ্যমে আর্সেনালের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, শিরোপা নিশ্চিত হওয়ার পর ট্রেনিং সেন্টারে খেলোয়াড়রা নাচছেন এবং উল্লাস করছেন। আর্তেতা বললেন, তাদেরই উদযাপন করার সময় ছিল সেটা।
“মুহূর্ত তাদের ছিল। সেই মুহূর্তে ওদের নিজেদের মতোই থাকা উচিত ছিল। আমি সেখানে থাকলে হয়তো বিষয়টা একই হতো না।”
কিছুক্ষণ পরই আর্সেনাল অধিনায়ক মার্টিন ওদেগোর কল করে আর্তেতার সঙ্গে কথা বলেন।
“তাদের বলি, তোমরা কিছুক্ষণ উপভোগ করো, কিছুক্ষণের মধ্যে লন্ডনের কোথাও তোমাদের সঙ্গে দেখা হবে।”
২০০৩-০৪ মৌসুমের পর প্রথমবার ইংল্যান্ডের শীর্ষ লিগের চ্যাম্পিয়ন হলো ‘গানার’ খ্যাত আর্সেনাল। ৩৭ রাউন্ড শেষে ২৫ জয় ও সাত ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপা জয় নিশ্চিত করেছে তারা। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সিটি।
