Published : 13 Nov 2025, 07:05 PM
কানাডা থেকে ফিরে মাত্র এক দিন দলের সাথে অনুশীলন করতে পারেন শোমিত সোম। এ কারণে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের শুরুর একাদশে তার জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। অনুমিতভাবে এই মিডফিল্ডারকে বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার রাত ৮টায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২০২০ সালের এই দিনে এই মাঠেই নেপালের বিপক্ষে সবশেষ জিতেছিল স্বাগতিকরা, ২-০ গোলে। আর দুই দলের সবশেষ দেখা গত সেপ্টেম্বরে, কাঠমাণ্ডুর প্রীতি ম্যাচটি হয়েছিল গোলশুন্য ড্র।
আগামী ১৮ নভেম্বর এই মাঠে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটির জন্য নিজেদের শাণিয়ে নিতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছেন জামাল-জায়ানরা।
গত সোমবার ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরে দলের সাথে দুই দিন অনুশীলন করতে পারা লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী আছেন শুরুর একাদশে।
শুরুর একাদশ: মিতুল মারমা, তপু বর্মন, কাজী তারিক রায়হান, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।