চোটের ছোবল সামলে বার্সেলোনা এগিয়ে যাবে, বিশ্বাস কোচের
তবে মৌসুমের এমন সময়ে এতগুলো চোট সমস্যায় স্বাভাবিকভাবেই হতাশ হান্সি ফ্লিক।
এক ম্যাচেই লেগেছে জোড়া চোটের আঘাত। আছে চোটের আগের ধাক্কাও। তবে এই কারণে দল কক্ষচ্যূত হবে না, বিশ্বাস বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের।
ঘরের মাঠে গত মঙ্গলবার রাতটা অন্যরকম এক স্বাদ দেয় বার্সেলোনাকে। তাদের মাঠের পারফরম্যান্স ছিল অসাধারণ; কোপা দেল রে সেমি-ফাইনালের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে দলটি। তবুও হতাশায় মাঠ ছাড়ে তারা; কারণ প্রথম লেগে ৪-০ গোলে হেরে থাকায় শেষ হয়ে যায় তাদের শিরোপা ধরে রাখার আশা।
আবার ওই ম্যাচে চোট আঘাত হানে দুই দফায়। ত্রয়োদশ মিনিটে মাঠে ছেড়ে যান ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে। তার জায়গায় নামা আলেহান্দ্রো বাল্দেও ম্যাচ শেষ করতে পারেননি। ৭১তম মিনিটে মাঠ ছাড়েন এই স্প্যানিশ ডিফেন্ডার।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, দুজনেরই চোট বাম হ্যামস্ট্রিংয়ে। আগেও একই জায়গায় চোট পেয়েছিলেন বাল্দে। পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। আর কুন্দে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে পারেন।
আর আগে থেকে বাইরে আছেন দুই মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং ও গাভি।
মৌসুমের শেষ ভাগে যখন ঠাসা সূচিতে খেলা চলবে, তখন একসঙ্গে এই খেলোয়াড়তে না পাওয়াটা দলে ঘাটতি তৈরি করবে। লা লিগায় শনিবার আথলেতিক বিলবাওয়ের মাঠে খেলবে বার্সেলোনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক হতাশাও প্রকাশ করলেন।
“এসব ঘটেই থাকে। তবে আমি খুশি নই। আমরা কী বিষয়ে উন্নতি করতে পারি, তা নিয়ে আমাদের কথা বলতে হবে। এটা সবসময়ই আমার দায়িত্ব। এটা দলের মেডিকেল টিম বা ফিজিওর দায়িত্ব নয়… এটা আমার দায়িত্ব।”
“আমরা কী কী আরও ভালো করতে পারি, সে বিষয়ে আমি চিকিৎসক, ফিজিও ও টেকনিক্যাল স্টাফদের সঙ্গে কথা বলতে চাই। এটা দল পরিচালনার ব্যাপার এবং সেক্ষেত্রে এমন (চোটের আঘাত) সুখকর নয়, বিশেষ করে এমন গুরুত্বপূর্ণ সময়ে। তবে আমরা আশাবাদী। এতে অন্য খেলোয়াড়রাও সুযোগ পাবে নিজেদের প্রমাণের।”
২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।
