‘তারা আমাকে শেষ করে দিতে চেয়েছিল’
ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে সমালোচকদের জবাব দিতে পেরে ভীষণ খুশি রেয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র।
ভিনিসিউস জুনিয়রের জন্য ব্যালন দ’র জিততে না পারার ক্ষতে প্রলেপ হয়ে এসেছে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। সব প্রতিবন্ধকতা পেরিয়ে বিশ্বের সেরা ফুটবলার নির্বাচিত হয়ে সমালোচকদের এক হাত নিয়েছেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তার দাবি, তাকে অকার্যকর ও শেষ করে দেওয়ার চেষ্টা চলছিল অনেক দিন ধরেই।
‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে মঙ্গলবার ভিনিসিউসের হাতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার তুলে নেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এবারের ব্যালন দ’র জেতা ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে পেছনে ফেলেন ব্রাজিলিয়ান তারকা। ফিফার ভোটাভুটিতে ভিনিসিউস পান ৪৮ পয়েন্ট, রদ্রি ৪৩ পয়েন্ট পেয়ে হন দ্বিতীয়।
রেয়ালের তিনটি শিরোপা- চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন ভিনিসিউস। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। জেতেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
এছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক করেন ভিনিসিউস। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রেয়ালের হয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যালন দ’রের লড়াইয়ে তাকেই এগিয়ে রেখেছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত তাকে হারিয়ে ফ্রান্স ফুটবলের পুরস্কারটি জিতে নেন রদ্রি।
বিষয়টি নিয়ে কোনো রাখঢাক না করে ভিনিসিউস ও রেয়ালের পক্ষ থেকে আসে সমালোচনামূলক মন্তব্য। ব্যালন দ’র অনুষ্ঠানই শেষ পর্যন্ত বয়কট করে রেয়াল। অনুষ্ঠানে না যাওয়ায় তাদের দিকেও কম সমালোচনার তির আসেনি।
সব কিছু মিলিয়ে, ফিফার পুরস্কারটি জিতে সমালোচকদের জবাবটা বেশ ভালোভাবেই দিতে পেরেছেন ভিনিসিউস। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে তুলে ধরেন তিনি নিজের অনুভূতি।
“আজ আমি সেই শিশুকে নিয়ে লিখছি, যে অনেক আইডলকে ট্রফিটি (বর্ষসেরার পুরস্কার) উঁচিয়ে ধরতে দেখেছে। তার সময় এসে গেছে। অন্যভাবে বললে, আমার সময় এসে গেছে। এটা বলার এখনই সময়... হ্যাঁ, আমি বিশ্বের সেরা খেলোয়াড় এবং এর জন্য আমি কঠোর লড়াই করেছি।”
“তারা (সমালোচক) আমাকে অকার্যকর করার চেষ্টা করেছিল, ধীরে ধীরে শেষ করে দিতে চেয়েছিল… যখন সাও গনসালোতে ছিলাম, সিস্টেম আমার খেয়াল রাখেনি। এটা আমাকে প্রায় গিলেই ফেলেছিল। আমি নিজের জন্য, আমার পরিবারের জন্য জিতেছি। ফ্লামেঙ্গো, রেয়াল মাদ্রিদ, ব্রাজিল জাতীয় দলে বছরের পর বছর ধরে আমার শত শত সতীর্থ... যারা প্রতিদিন আমাকে সঙ্গ দিয়েছে, প্রশংসা করেছে…।”
প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হন ভিনিসিউস। আর বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বনমাতি জেতেন বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার। রেয়াল কোচ কার্লো আনচেলত্তির হাতে ওঠে বর্ষসেরা কোচের ট্রফি।
বর্ষসেরা পুরস্কার জেতা ভিনিসিউসকে প্রশংসায় ভাসিয়েছেন অনেকেই। তার জাতীয় দলের সতীর্থ ও ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়ে লিখছেন, ‘উড়তে থাকো।’
