সপ্তাহ ঘুরতেই জয়ের পথ ভুলে গেল ইউনাইটেড
গত কয়েক মৌসুম ধরেই ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বড় সমস্যা অধারাবাহিকতা, এবারও তা পিছু ছাড়েনি।
পরপর দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১০ গোল, নিজেদের জাল অক্ষত। অসাধারণ ওই দুই পারফরম্যান্সে ঘুরে দাঁড়ানোর যে ইঙ্গিত দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড, সেই আশা ফিকে হতেও সময় লাগল না। ক্রিস্টাল প্যালেসের মাঠে এবার গোল করতেই ভুলে গেল এরিক টেন হাগের দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে বল দখল কিংবা আক্রমণ, সব হিসেবে আধিপত্য করেও জিততে পারেনি ইউনাইটেড। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
লিগে টানা দুই হারের পর গত শনিবার সাউথ্যাম্পটনকে ৩-০ ব্যবধানে হারায় ইউনাইটেড, এর তিন দিন পর লিগ কাপে তৃতীয় সারির দল বার্নসলির বিপক্ষে ৭-০ গোলে জিতেছিল টেন হাগের দল। বিশাল ওই জয়ের চার দিন পর পয়েন্ট হারানোর হতাশায় ফিরল তারা।
আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে আধিপত্য করে প্রথম ২০ মিনিটে গোলের জন্য চারটি শট নিয়ে চারটিই লক্ষ্যে রাখে ইউনাইটেড, কিন্তু সাফল্যের দেখা মেলেনি।
সাত মিনিট পর আবারও আক্রমণ শানায় তারা। এবার দুই দফায় দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায়; আলেহান্দ্রো গার্নাচোর প্রচেষ্টার পর ব্রুনো ফের্নান্দেসের শটও ক্রসবারে লাগে।
প্রথমার্ধের বাকি সময়েও চাপ ধরে রাখে ইউনাইটেড। সুযোগও তৈরি করে, কিন্তু জালে বল পাঠাতে পারেনি তারা। প্রতিপক্ষের টানা আক্রমণে ঘর সামলাতে ব্যস্ত সময় পার করা স্বাগতিকরা বিরতির আগের কয়েক মিনিটে দুবার পাল্টা আক্রমণে উঠলেও, তারাও কাজের কাজ করতে পারেনি।
প্রথম ৪৫ মিনিটে গোলের জন্য ৯টি শট নেওয়া ইউনাইটেড বিরতির পরও মাঠে আধিপত্য ধরে রাখে। আর প্যালেস আগের মতোই পাল্টা আক্রমণ নির্ভর ফুটবলের চেষ্টা করতে থাকে। কিন্তু জালের ছোঁয়া মেলেনি কোনোপাশেই।
পাঁচ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ইউনাইটেড।
দিনের অন্য ম্যাচে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি, পেপ গুয়ার্দিওলার দল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।
সমান ম্যাচে তৃতীয় ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে ক্রিস্টাল প্যালেস।
