১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইউরো থেকে ছিটকে গেলেন ডি ইয়ং, বার্সার ওপর ক্ষুব্ধ ডাচ কোচ

চোট নিয়েই ইউরোপ সেরার প্রতিযোগিতায় নেদারল্যান্ডস দলে জায়গা পেয়েছিলেন এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 01:39 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে উড়িয়ে দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সেরেছে নেদারল্যান্ডস। তবে ডাচদের এই আনন্দ অনেকটাই মাটি হয়ে গেছে ফ্রেংকি ডি ইয়ংয়ের ছিটকে যাওয়ার খবরে। চোটের কাছে হার মেনে ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় খেলার আশা শেষ হয়ে গেছে বার্সেলোনার এই প্লেমেকারের। 

ইউরোর আগে নিজেদের শেষ ম্যাচে সোমবার রাতে ৪-০ গোলে জিতেছে নেদারল্যান্ডস। 

অ্যাঙ্কেলে একের পর এক চোট মৌসুম জুড়ে ভোগাচ্ছে ডি ইয়ংকে। তবু অভাবনীয় কিছুর আশায় তাকে দলে রেখেছিলেন কোচ রোনাল্ড কুমান। সেই আশা পূরণ হয়নি। সোমবার চিকিৎসকরা জানান, যথা সময়ে বার্সেলোনা মিডফিল্ডারের সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই।

তার বদলি হিসেবে চেলসির ডিফেন্ডার ইয়ান ম্যাটসেনকে দলে নিয়েছে ডাচরা। 

এক সপ্তাহ একা অনুশীলন করার পর রোববার প্রথমবারের মতো দলীয় অনুশীলনের চেষ্টা করেন ডি ইয়ং। ম্যাচ খেলার মতো পর্যায়ে যেতে আরও অনেক দিন অপেক্ষা করতে হবে তাকে।

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ডি ইয়ংয়ের ছিটকে যাওয়ার খবর প্রকাশ করা হয়। কোচ কুমান জানান, এর কয়েক ঘণ্টা আগেই এটি জেনে খেলোয়াড়দের জানিয়েছিলেন তিনি। 

“পরীক্ষায় দেখা গেছে, সে এখনও ওই কাজগুলো করতে পারে না, যেগুলো তার করতে পারা উচিত। প্রতিবার অনুশীলনের পর তার অ্যাঙ্কেলে সমস্যা হয়। এতে এই উপসংহারে পৌঁছানো যায় যে, আগামী তিন সপ্তাহে সে শতভাগ ফিট থাকবে না। আমি আগে থেকেই বুঝেছিলাম (ডি গ্রুপের প্রথম ম্যাচে) পোল্যান্ডের বিপক্ষে তার খেলা কঠিন হবে।” 

ইউরো থেকে ছিটকে যাওয়ার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ২৬ বছর বয়সী ডি ইয়ং।

“ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে থাকতে না পারায় আমি বিষণ্ন ও হতাশ। আমাদের পক্ষে যা করা সম্ভব, সবই আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমার অ্যাঙ্কেলের আরও সময় প্রয়োজন।”   

“কোনো টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা, কমলা জার্সি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া এবং পুরো দেশের সমর্থন অনুভব করা স্বপ্ন ও সর্বোচ্চ সম্মানের। কিন্তু এখন, আর সব অরেঞ্জ আর্মির মতো পার্শ্বরেখা থেকে দলের জন্য উল্লাস করব। এগিয়ে যাও ছেলেরা।” 

ডি ইয়ংকে হারানোর পর এনওএসকে দেওয়া প্রতিক্রিয়ায় বার্সেলোনার ওপর ক্ষোভ ঝাড়েন কুমান। বার্সার কিংবদন্তি ডিফেন্ডার ও সাবেক কোচের মতে, স্প্যানিশ ক্লাবটি ঠিকঠাক যত্ন নেয়নি ডাচ প্লেমেকারের। 

“তারা (বার্সেলোনা) ফ্রেংকির ব্যাপারে ঝুঁকি নিয়েছে, আর এখন আমরা এর ধাক্কা সইছি।”

পরবর্তী পুনর্বাসনের জন্য বার্সেলোনায় ফিরে যাবেন ডি ইয়ং। 

আগামী রোববার পোল্যান্ডের বিপক্ষে ইউরোয় নিজেদের প্রথম ম্যাচ খেলবে ডাচরা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ফ্রান্স ও অস্ট্রিয়া।