২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির কলকাতা সফরের বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে সাবধানী হায়দরাবাদ

স্টেডিয়ামের ভেতরে ও বাইরে নজরদারি জোরদার করা হয়েছে, রাখা হয়েছে তিন স্তরের নিরাপত্তা বলয়।

মেসির কলকাতা সফরের বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে সাবধানী হায়দরাবাদ
কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে তাণ্ডব চালান মেসিকে দেখতে আসা দর্শকরা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 06:25 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

কলকাতার বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে লিওনেল মেসির সফর ঘিরে এবার সতর্ক হায়দরাবাদের প্রশাসন ও আয়োজকরা। 

‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর দ্বিতীয় ধাপে শনিবারই হায়দরাবাদে যাওয়ার কথা আর্জেন্টাইন মহাতারকার। তবে সল্ট লেক স্টেডিয়ামে ঘটে যাওয়া ঘটনাবলি এবং প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তের গ্রেপ্তারের পর, এই পর্বের আয়োজন নিয়ে বাড়তি চাপ তৈরি হয়েছে।

হায়দরাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেডিয়াম এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় রাখা হয়েছে। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে নজরদারি জোরদার করা হয়েছে। আয়োজকদের দাবি, কলকাতার অভিজ্ঞতা মাথায় রেখেই সব ধরনের ঝুঁকি এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

কলকাতা থেকে সরাসরি দুপুরের পর হায়দরাবাদে পৌঁছনোর কথা মেসির। দিনের মূল আকর্ষণ সন্ধ্যার প্রদর্শনী ম্যাচ ‘গোট কাপ।’ ম্যাচ শুরুর আগে থাকবে আনুষ্ঠানিক কিক-অফ অনুষ্ঠান, যেখানে মেসির সঙ্গে মাঠে উপস্থিত থাকার কথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির। 

নিরাপত্তার পাশাপাশি আয়োজকদের বড় চ্যালেঞ্জ দর্শক ব্যবস্থাপনা। ভক্তদের প্রবেশ, বসার ব্যবস্থা এবং সামগ্রিক অভিজ্ঞতা কীভাবে নির্বিঘ্ন রাখা যায়, তা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। দর্শক প্রবেশ, ভিআইপি চলাচল ও স্টেডিয়াম ব্যবস্থাপনায় আলাদা আলাদা প্রোটোকল কার্যকর করা হয়েছে।

প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। টিকিটের দাম রাখা হয়েছে বিভিন্ন স্তরে। সাধারণ টিকিটের মূল্য শুরু ২ হাজার ২৫০ টাকা থেকে, ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত। গ্যালারি ও ভিআইপি ব্লকের জন্য আলাদা আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে।

ম্যাচ শেষে মেসির সূচিতে রয়েছে একটি ব্যক্তিগত আয়োজন। রাতে ফলকনামা প্যালেসে হবে প্রাইভেট ডিনার ও মিট অ্যান্ড গ্রিট। সেখানে মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির পাশাপাশি থাকবেন নির্বাচিত টলিউড তারকা ও আমন্ত্রিত অতিথিরা।