১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ত্রাবজনস্পরেই যোগ দিলেন সালাহ

লিভারপুল ও মিশরের কিংবদন্তির সঙ্গে তুর্কি ক্লাবটির চুক্তি দুই বছরের।

ত্রাবজনস্পরেই যোগ দিলেন সালাহ
মোহামেদ সালাহ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 08:10 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

নতুন ক্লাব বেছে নিয়েছেন লিভারপুল ও মিশরের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। তুরস্কের ক্লাব ত্রাবজনস্পরের সঙ্গে দুই বছরের জন‍্য চুক্তি করেছেন তিনি। 

ত্রাবজনস্পর বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ফ্রি এজেন্ট হিসেবে আসা সালাহ প্রতি মৌসুমে পাবেন ১ কোটি ৭০ লাখ ইউরো।    

তুরস্কের ক্লাব বেশিকতাশের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর দৃশ্যপটে আসে ত্রাবজনস্পর। বুধবার তারা জানায় যে, দলে নিতে সালাহর সঙ্গে তাদের আলোচনা চলছে। পরদিন তারা ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির ঘোষণা দিল। 

তুর্কি স্টক এক্সচেঞ্জে পাঠানো এক বিবৃতিতে ত্রাবজনস্পর জানিয়েছে, সালাহর নামে বিক্রি হওয়া পণ‍্য থেকে আয়ের ২০ শতাংশ পাবেন মিশর অধিনায়ক। এছাড়া প্রতি মৌসুমে শর্তসাপেক্ষে বোনাসও পাবেন তিনি। তবে বোনাসের ব‍্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে। 

৯ বছর পর এই গ্রীষ্মে লিভারপুল ছেড়েছেন সালাহ। এই ক্লাবে তিনি নিজেকে তুলে নিয়েছেন সর্বকালের সেরাদের কাতারে। ক্লাবটির হয় ৪৪২ ম্যাচে করেছেন ২৫৭ গোল। দুটি করে প্রিমিয়ার লিগ ও লিগ কাপ জয়ের পাশাপাশি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।

২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে ২৯টি গোল করে এবং ১৮টি গোলে সহায়তা করে দলের শিরোপা জয়ে রাখেন বড় ভূমিকা। এক মৌসুমে সর্বোচ্চ গোল সম্পৃক্ততার রেকর্ড ছিল সেটি। সেই পারফরম্যান্সের পথ ধরে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন, পাশাপাশি জিতে নেন গোল্ডেন বুট ও প্লেমেকার অ্যাওয়ার্ড। এক মৌসুমে এই তিনটি পুরস্কারই জয় করা একমাত্র ফুটবলার তিনি।

তবে গত মৌসুমে তিনি ছিলেন ম্লান। লিগে ২৭ ম্যাচ খেলে গোল করেন সাতটি, সহায়তা করেন সমান গোলে। আর্না স্লটের সঙ্গে তার মনোমালিন্য প্রকাশ্য হয়ে ওঠে। বিতর্কিত মন্তব্যও করেন তিনি, যেটির খেসারত হিসেবে তাকে বাইরে বসে থাকতে হয়। ক্রমে তার বিদায়ও নিশ্চিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত অবশ্য স্লটও টিকতে পারেননি। বরখাস্ত করা হয় তাকে।

ত্রাবজনস্পর ক্লাবের পথচলা শুরু ১৯৬৭ সালে। তুরস্কের চতুর্থ বৃহত্তম দল মনে করা হয় তাদের। ফেনারবাচে, গালাতাসারাই ও বেশিকতাশের পরই এই ক্লাবের অবস্থান। সাতবার চ্যাম্পিয়ন হয়ে লিগ শিরোপার রেকর্ডেও তারা আছে ওই তিন ক্লাবের পরে। সবশেষ লিগ জিতেছে তারা ২০২১-২২ মৌসুমে। গত আসরে হয়েছিল তৃতীয়।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইস্তানবুলের ক্লাব বেশিকতাশে যোগ দেওয়ার খুব কাছাকাছি ছিলেন সালাহ। কিন্তু আর্থিক নানা বিষয় ও এবং ইমেজ-স্বত্ব সংক্রান্ত দাবির কারণে আলোচনা থমকে যায়।