উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ
Published : 15 May 2026, 07:41 PM
ব্যাংককের গরমে প্রস্তুতি নিচ্ছেন ঋতুপর্ণা-শিউলিরা। ভারতের গোয়ায় চলতি মাসের শেষ দিকে গরমের মধ্যেই খেলতে হবে তাদের। তাই শিউলির মনে হচ্ছে, ব্যাংককে এমন আবহাওয়ায় প্রস্তুতি ভারতে তাদের কাজে লাগবে।
প্রস্তুতি ভালো হওয়ায় কোনো চাপ অনুভব করছেন না শিউলি। যদিও দুটি উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী এই ডিফেন্ডার মনে করেন, শিরোপা ধরে রাখা কঠিন হবে; তবে দলে আসা নতুনদের নিয়ে ভালো ফল পেতে আশাবাদী তিনি।
মালদ্বীপের বিপক্ষে ২৫ মে’র ম্যাচ দিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। ৩১ মে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে পিটার জেমস বাটলারের দল।
গোয়ার এই প্রতিযোগিতা সামনে রেখে ব্যাংককে ক্যাম্প করছে বাংলাদেশ। অ্যালপাইন ট্রেনিং গ্রাউন্ডে শুক্রবারের অনুশীলনের ফাঁকে শিউলি বললেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যে প্রস্তুতি নেওয়ার সুফল তারা পাবেন ভারতে গিয়ে।
“সব মিলিয়ে ভালো ট্রেনিং হচ্ছে, আর এখানকার আবহাওয়া অনেক গরম, তাপমাত্রা বেশি। মেয়েরা চেষ্টা করছে মানিয়ে নিতে এবং সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালোই যাচ্ছে। আশা করি, আমাদের বাকি যে কয়টা দিন আছে, সেগুলো ভালোভাবে শেষ করতে পারব।”
“ভারতেও আমাদের অনেক গরমের মধ্যে খেলতে হবে। তো এখানে এসে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছি। এটা আমাদের ভারতের সাফে অনেক উপকারে আসবে। সব মিলিয়ে আমরা কঠোর পরিশ্রম করছি; রিকভারিও হচ্ছে ঠিকমতো, খাওয়া-দাওয়া সবকিছুই ভালো যাচ্ছে।”
এদিনের প্রস্তুতিতে কোচ পজিশনিংয়ে গুরুত্ব দিয়েছেন, জানিয়েছেন শিউলি। মুকুট ধরে রাখার অভিযানে ভালো করার আশাবাদও এই অভিজ্ঞ ডিফেন্ডার জানিয়েছেন আত্মবিশ্বাসী কণ্ঠে।
“কোচ আমাদের পজিশনিং মেইনটেইন নিয়ে বেশি কাজ করছেন। আমরা আশা করি, পরের (প্রস্তুতি) ম্যাচে কাজটা করতে পারব ভালো করে।”
“(সাফ নিয়ে) তেমন চাপের কিছু নেই। যেহেতু আমরা শিরোপা ধরে রাখতে যাচ্ছি, একটু তো কঠিন হবেই। তারপরও আমাদের অনেক তরুণ খেলোয়াড় এখন দলে আছে। আশা করি, ভালো হবে।”