২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়মরক্ষার ম্যাচে রেয়াল মাদ্রিদের সহজ জয়

এই বছরে লা লিগায় প্রথম গোল পেলেন জুড বেলিংহ্যাম।

নিয়মরক্ষার ম্যাচে রেয়াল মাদ্রিদের সহজ জয়
প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার পর গন্সালো গার্সিয়ার উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 03:30 AM

Updated : 26 Aug 2026, 03:37 PM

শিরোপা লড়াই শেষ হয়ে যাওয়ায় রেয়াল মাদ্রিদের প্রাপ্তির কিছু আর নেই। তবে মৌসুমের শেষটা যতটা সম্ভব ভালো করার আছে। সেই লক্ষ্যে রেয়াল ওবিয়েদোকে অনায়াসে হারাল আলভারো আরবেলোয়ার দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বৃহস্পতিবার রাতে লা লিগায় ২-০ গোলে জিতেছে রেয়াল মাদ্রিদ। গন্সালো গার্সিয়া দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান জুড বেলিংহ্যাম।

৩৬ ম্যাচে ২৫ জয় ও পাঁচ ড্রয়ে ৮০ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ী বার্সেলোনার পয়েন্ট ৯১।  

বেশিরভাগ সময পজেশন রেখে ও আক্রমণে চাপ ধরে রেখে বিরতির আগে এগিয়ে যায় রেয়াল। বাঁ দিক থেকে ভিনিসিউস জুনিয়রের পাস পেয়ে, ডি-বক্সে ঢুকেই কোনাকুনি শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড গার্সিয়া।

দ্বিতীয়ার্ধেও রেয়ালের অনেক সুযোগ নষ্টের মাঝে ৬৩তম মিনিটে তাদের বক্সে ভীতি ছড়ায় ওবিয়েদো। নাচো ভিদালের শটটি যদিও দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

পেশির চোট কাটিয়ে ফেরা এমবাপেকে ৭০তম মিনিটে গার্সিয়ার বদলি নামান কোচ আরবেলোয়া। এই ম্যাচের ঘণ্টা দুয়েক আগে এমবাপেকে নিয়েই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে ফ্রান্স।

১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন চুয়ামেনির বদলি নামা বেলিংহ্যাম। এমবাপের পাস ধরে ডি-বক্সে ঢুকে জায়গা বানিয়ে এই বছরে লিগে প্রথম গোলটি করেন তিনি। মৌসুমে সব মিলিয়ে তার গোল হলো সাতটি।

ওবিয়েদোরও এই ম্যাচ থেকে পাওয়ার কিছু ছিল না। আগেই অবনমন নিশ্চিত হয়ে গেছে দলটির।