২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আর্সেনালের হয়ে লিগ জয়ের ক্ষুধা আমার চেয়ে বেশি কারো নেই’

গত কয়েক মৌসুমে লক্ষ্যের কাছাকাছি গিয়েও কক্ষচ্যূত হওয়ায় এবার আরও বেশি সতর্ক আর্সেনাল কোচ।

‘আর্সেনালের হয়ে লিগ জয়ের ক্ষুধা আমার চেয়ে বেশি কারো নেই’
দলের অনুশীলনে কোচ মিকেল আর্তেতা (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2026, 05:09 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

অনেকের মনেই হয়তো আর্সেনালের সবশেষ প্রিমিয়ার লিগ জয়ের স্মৃতিতে মরিচা পড়ে গেছে। প্রতিবার নতুন মৌসুমের শুরুতে আলোচনায় আসে, এবার কি দলটির খরা কাটবে? মিকেল আর্তেতার কোচিংয়ে গত কয়েক আসরে সেই সম্ভাবনা জোরাল হলেও, দিনশেষে মিলিয়ে গেছে প্রতিবারই। তবে নিরাশ হননি এই স্প্যানিশ কোচ। তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দলের স্বপ্ন পূরণের প্রত্যয় ব্যক্ত করলেন তিনি, আবারও।

আর্সেনাল সবশেষ প্রিমিয়ার লিগের ট্রফি উঁচিয়ে ধরেছে সেই ২০০৪ সালে। গত তিনবার জোর সম্ভাবনা জাগিয়ে, মৌসুমের শুরু থেকে অনেকটা সময় আধিপত্য করে শেষ পর্যন্ত হয়েছে রানার্সআপ।

এবারও দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছে উত্তর লন্ডনের দলটি; ২২ রাউন্ড শেষে দ্বিতীয় স্থানের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে তারা। আসরে এখনও অবশ্য ১৬ ম্যাচে ৪৮ পয়েন্টের লড়াই বাকি।

গত তিন আসরে বারবার তাদের স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে যে দুটি দল, তার মধ্যে একটি ম্যানচেস্টার সিটি এখন যেন ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে আর শিরোপাধারী লিভারপুল ইতোমধ্যে শীর্ষস্থান থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে পড়েছে। 

তাই এখন বলা যায়, নিজেরা পথ হারালেই কেবল শিরোপা হাতছাড়া হবে আর্সেনালের।  

স্বপ্নের পথচলায় তাদের সামনে এবারের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠে দলটি খুব অধারাবাহিক হলেও, গত রাউন্ড দুর্দান্ত পারফরম্যান্সে পেপ গুয়ার্দিওলার সিটিকে ২-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে। 

প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইয়ে আগে শুক্রবার দলের ও নিজের শিরোপা ক্ষুধা ও আকাঙ্ক্ষা কতটা, বললেন আর্তেতা।

“আমার মনে হয় না, এই শিরোপা জয়ের জন্য আমার চেয়ে বেশি প্রেরণা, ক্ষুধা ও আকাঙ্ক্ষা কারো আছে।”

আর্সেনালের ডাগআউটে ছয় মৌসুমের যাত্রায় একটিমাত্র বড় শিরোপার স্বাদ পেয়েছেন আর্তেতা, ২০১৯-২০ মৌসুমের এফএ কাপ। এবার ট্রফির শোকেসে লিগ ট্রফিটা যোগ করতে মরিয়া তিনি।

“আমরা জানি, সফল হতে লক্ষ্যে স্থির, মনোযোগী থাকাটাই একমাত্র উপায়, বর্তমান নিয়ে ভাবতে হবে এবং আজ যেটা আমরা ভালোভাবে করেছি সেটাকে আগামী দিন আরও ভালোভাবে করতে হবে।”

“এটাই আমাদের করণীয় এবং একমাত্র এই একটা বিষয়ই আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের কাছে বাকি কিছুর গুরুত্ব নেই এবং এটা বরং আমাদের মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে।”

২২ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ৫০। সমান ৪৩ পয়েন্ট নিয়ে সিটি দুইয়ে ও অ্যাস্টন ভিলা তিনে আছে।

৩৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে লিভারপুল আর তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে খেলবে আর্সেনাল। বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।