২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্ট ভাগাভাগি করে বছর শেষ মোহামেডানের

পিছিয়ে পড়ার পর অবশ্য পয়েন্ট পাওয়ার স্বস্তিটুকু নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আলফাজ আহমেদের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 05:04 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

বাংলাদেশ ফুটবল লিগের চলতি মৌসুমে বাজে সময়ের শেষ হলো না বছরের শেষ ম্যাচেও। শুরুতে পড়ল পিছিয়ে। পরে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও সাদাকালো জার্সিধারীরা পেল না জয়সূচক গোলের দেখা। রহমতগঞ্জ মুসলিম সোসাইটির সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল লিগের শিরোপাধারীরা।

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার রহমতগঞ্জের বিপক্ষে ১-১ ড্র করেছে মোহামেডান। আভিষেক লিম্বুর গোলে পিছিয়ে পড়া মোহামেডানকে সমতায় ফেরান স্যামুয়েল বোয়াটেং।

চলতি লিগে আট ম্যাচে এটি মোহামেডানের টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় ড্র; ৯ পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ স্থানে আছে আলফাজ আহমেদের দল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রহমতহঞ্জ।

মোহামেডানের বিপক্ষে শুরুটা ভালো ছিল এ মৌসুমে লিগে উজ্জীবিত ফুটবল খেলা রহমতগঞ্জের। ২৪তম মিনিটে সলোমন কিংয়ের বাড়ানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন নেপালি ডিফেন্ডার লিম্বু। এ ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় পুরান ঢাকার দলটি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সবশেষ দুই লিগ ম্যাচে জয়হীন থাকা মোহামেডান। ৬২তম মিনিটে উজেবিকস্তানের মিডফিল্ডার মোজাফ্ফর মোজাফ্ফরভের পাস থেকে লক্ষ্যভেদ করেন ঘানার ফরোয়ার্ড বোয়াটেং।

দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর পা ওমার বাবুর পেনাল্টি গোলে ১-১ ড্র করেছে ফর্টিস এফসি। এই ড্রয়ের পর ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে তারা। ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ব্রাদার্স।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডাব্লিউডিকে ২-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন’স ক্লাব। বেন ইব্রাহিম ও আরিয়ান হোসেনের গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফকিরেরপুল। 

৫০তম মিনিটে শিহাব মিয়া লাল কার্ড পেলেও ১০ জনের দলে পরিণত হয় ফকিরেরপুল। শেষ দিকে মিনহাজুল স্বাধীন পেনাল্টি থেকে ব্যবধান কমালেও ফকিরেরপুলের জয় আটকাতে পারেনি পিডাব্লিউডি। 

এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে ফকিরেরপুল অষ্টম স্থানে উঠে এসেছে। পিডাব্লিউডি ৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে নবম স্থানে।