ফাইনালে কাকে চান বার্সেলোনা কোচ
এই প্রশ্নের উত্তর না দিয়ে মনোযোগ দিয়ে মাদ্রিদের দুই ক্লাবের খেলা দেখার কথা বললেন হান্সি ফ্লিক।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোনো দলকে বেছে নিলেন না হান্সি ফ্লিক। বরং মনোযোগ দিয়ে সেমি-ফাইনালে মাদ্রিদের দুই ক্লাবের লড়াই দেখার কথা বললেন বার্সেলোনা কোচ।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। জয়ী দলের বিপক্ষে আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে বার্সেলোনা।
আথলেতিক বিলবাওকে ৫-০ গোলে গুঁড়িয়ে ফাইনালে জায়গা করে নেয় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেন রাফিনিয়া, একটি করে গোল করেন ফেররান তরেস, ফের্মিন লোপেস ও রুনি বার্দগি।
নিজেদের কাজ সেরে এখন প্রতিপক্ষের নাম জানার অপেক্ষায় ফ্লিক। এমনিতে আগেভাগে ঘুমিয়ে পড়েন বলে, রেয়াল মাদ্রিদের ম্যাচ দেখার সুযোগ হয় না তার। এবার ম্যাচ আগে বলে কি দেখবেন তিনি?
“নিশ্চিত করে বলতে পারছি না (হাসি)।”
“ভালো ব্যাপার যে আমরা ফাইনালে জায়গা করে নিয়েছি। অন্য সেমি-ফাইনালে কী ঘটে আমরা দেখব। ফাইনালে থাকার এটাই সুবিধা যে, অন্য সেমি-ফাইনাল শান্ত থেকে দেখা যায়।”
কিছু দিন আগে লা লিগার ম্যাচে এস্পানিওলের বিপক্ষে খুব ভুগেছিল বার্সেলোনা। বিলবাওয়ের বিপক্ষে সেই দলটিই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে কোচের মন জিতে নিয়েছে।
“আমার জন্য, ম্যাচ শেষ হওয়া মাত্র আমি পরের ম্যাচ নিয়ে ভাবতে শুরু করি। তবে আজ যা দেখেছি তা সত্যিই প্রশংসনীয়। আমরা আরেকটা ম্যাচে জাল অক্ষত রেখেছি। এটা খুব ভালো, কারণ এটা আমাদের রক্ষণে আত্মবিশ্বাস যোগাবে।”
“আজ আমরা ভিন্ন মানসিকতা ও মনোভাব দেখেছি। দল যেভাবে খেলেছে, আক্রমণে এবং রক্ষণে আমার ভালো লেগেছে।”
