১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মালদ্বীপের বাস্কেটবলে বাংলাদেশের ব্রোঞ্জ

চার দল নিয়ে অনূর্ধ্ব-১৬ বয়সভিত্তিক ক্যাটাগরিতে হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েরা হতাশ করলেও সাফল্য পেয়েছে ছেলেরা।

মালদ্বীপের বাস্কেটবলে বাংলাদেশের ব্রোঞ্জ
পদক এলো যাদের হাত ধরে। ছবি: বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2025, 08:30 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

টানা দুই হারের পর পাওয়া একমাত্র জয়ে পদক পাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। মালদ্বীপকে হারিয়ে সে সম্ভাবনা সত্যি করল দল। দক্ষিণ এশিয়ান (সাবা) অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেল বাংলাদেশ।

ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে রোববার মালদ্বীপকে ৭৫-৪২ পয়েন্টে হারায় বাংলাদেশ। গ্রুপ পর্বের দেখায় এই প্রতিযোগিতার স্বাগতিক মালদ্বীপকেই ৬৪-৫৫ ব্যবধানে হারিয়েছিল দল। সে তুলনায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তাদের বিপক্ষে সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের শুরুটা হয়েছিল একেবারে বিবর্ণ। ভারতের বিপক্ষে ১১৭-২৯ পয়েন্টে হেরে যায় দল। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ছেলেরা উড়ে গিয়েছিল ১১৬-২৮ পয়েন্টে।

মেয়েদের বিভাগে অবশ্য হতাশা নিয়ে ফিরতে হয়েছে বাংলাদেশকে। গ্রুপ পর্বের তিন ম্যাচের মালদ্বীপের বিপক্ষে ১০৪-১৭, শ্রীলঙ্কার বিপক্ষে ৮৭-২১ ও ভারতের বিপক্ষে ১৩৭-১৩ ব্যবধানে উড়ে যায় মেয়েরা। 

চার দলের টুর্নামেন্ট হওয়ায় তবুও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পায় বাংলাদেশ, সেখানে মালদ্বীপের বিপক্ষে ৮৬-২২ ব্যবধানে আবারও হারের তেতো স্বাদ পায় মেয়েরা।