২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের আগে ইতালিকে ছেড়ে অস্ট্রেলিয়াকে বেছে নিলেন ভলপাতো

হ্যামস্ট্রিংয়ের চোটে প্লেমেকার রাইলি ম্যাকগ্রির বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে যাওয়ার কয়েকদিন পর, ভলপাতোকে নিয়ে এই সুখবর পেল অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের আগে ইতালিকে ছেড়ে অস্ট্রেলিয়াকে বেছে নিলেন ভলপাতো
সেরি আয় ইন্টার মিলানের নিকোলো বারেল্লার সঙ্গে বল দখলের লড়াইয়ে সাস্সুয়োলোর ক্রিস্তিয়ান ভলপাতো (ডানে)। ফাইল ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2026, 03:54 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

আগে দুইবার প্রস্তাব ফিরিয়ে দিলেও, এবার আর ‘না’ করলেন না ক্রিস্তিয়ান ভলপাতো। ইতালি অনূর্ধ্ব-২০ দলের সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

এখন সবকিছু পরিকল্পনামতো এগোলে আসছে বিশ্বকাপের আগেই লস অ্যাঞ্জেলসে অস্ট্রেলিয়ার টেনিং ক্যাম্পে যোগ দিবেন ভলপাতো, জানিয়েছে ফুটবল অস্ট্রেলিয়া।

ইতালি ও অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিক ভলপাতোর জন্ম সিডনিতে, বেড়েও উঠেছেন সেখানে। ইতালিয়ান বংশোদ্ভূত এই ফুটবলার ক্লাব ফুটবলে খেলেন ইতালিতে, সাস্সুয়োলোর হয়ে।

২০২২ সালের কাতার বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার হয়ে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ভলপাতো। এই বছরের শুরুতেও অস্ট্রেলিয়া কোচ টনি পাপোভিচের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। জানিয়েছিলেন, খুশি মনে ইতালির ডাকের জন্য অপেক্ষা করতে চান তিনি। 

তবে এবার সবকিছু বদলে গেছে। ফুটবল অস্ট্রেলিয়া জানিয়েছে, ইতালি ফুটবল ফেডারেশনের কাছ থেকে ভলপাতোকে ‘ছেড়ে দেওয়ার চিঠি’ পেয়েছে এবং ইতোমধ্যে এই খেলোয়াড়ের জাতীয়তা বদলের জন্য ফিফার কাছে আবেদনও করেছে তারা। 

“বিষয়টা নির্ধারণ হয়ে গেলেই, সকারুসদের হয়ে আনুষ্ঠানিকভাবে খেলার জন্য যোগ্য বিবেচিত হবেন ভলপাতো।”

হ্যামস্ট্রিংয়ের চোটে প্লেমেকার রাইলি ম্যাকগ্রির বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে যাওয়ার কয়েকদিন পর, ভলপাতোকে নিয়ে এই সুখবর পেল অস্ট্রেলিয়া। উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য আগামী সোমবার দল ঘোষণা করবেন পাপোভিচ।

আগামী ১৩ জুন তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে অস্ট্রেলিয়ার। ‘ডি’ গ্রুপের অন্য দুই দল যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে।