২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘রেকর্ড ট্রান্সফার ফিতে’ রেয়াল মাদ্রিদে ডিওমান্ডে

সাত বছরের চুক্তিতে ইউরোপের সফলতম ক্লাবটিতে যোগ দিলেন আইভরি কোস্টের এই উইঙ্গার।

‘রেকর্ড ট্রান্সফার ফিতে’ রেয়াল মাদ্রিদে ডিওমান্ডে
ইয়ান ডিওমান্ডে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 01:05 AM

Updated : 11 Sep 2026, 03:48 PM

সবকিছু একরকম চূড়ান্তই ছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণাও চলে এলো। লাইপজিগ থেকে রেয়াল মাদ্রিদে যোগ দিলেন আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান ডিওমান্ডে।

ইউরোপের সফলতম ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ১৯ বছর বয়সী এই ফুটবলারকে দলে নিতে লাইপজিগের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তারা। সাত বছরের জন্য, অর্থাৎ ২০৩৩ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউয়ে থাকবেন তিনি।  

ক্লাবের পক্ষ থেকে আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী, এই চুক্তির মূল্য ১২ কোটি ৫০ লাখ ইউরো পর্যন্ত হতে পারে। এর সঙ্গে অতিরিক্ত এক থেকে দেড় কোটি ইউরো বোনাস হিসেবে যুক্ত হবে।

এটি ২০২৩ সালে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামের জন্য খরচ করা রেয়াল মাদ্রিদের ক্লাব রেকর্ড মূল্য ১০ কোটি ৩০ লাখ ইউরোর (অতিরিক্ত বোনাস-সহ) অঙ্ককে ছাড়িয়ে যাবে।

গত বছর স্প্যানিশ ক্লাব লেগানেস থেকে লাইপজিগে যোগ দেন ডিওমান্ডে। জার্মান ক্লাবটির হয়ে ২০২৫-২৬ মৌসুমটা দারুণ কাটে তার। বুন্ডেসলিগায় ১২টি গোল ও ৯টি অ্যাসিস্ট করে দলকে লিগের তৃতীয় স্থান অর্জন করতে ও আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে তুলতে সাহায্য করেন তিনি। একই সঙ্গে জেতেন বুন্ডেসলিগার সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।

এবারের বিশ্বকাপেও তিনি নজর কাড়েন। খেলেন আইভরি কোস্টের চার ম্যাচের সবকটিতে। শেষ বত্রিশে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় আফ্রিকার দলটি।

গ্রীষ্মের দলবদলে বের্নাবেউয়ে নাম লেখানো ষষ্ঠ খেলোয়াড় ডিওমান্ডে। আগের পাঁচ জন হলেন মিডফিল্ডার বের্নার্দো সিলভা, ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া, ইব্রাহিমা কোনাতে, ডেঞ্জিল ডামফ্রিস ও ফরোয়ার্ড কার্লোস এস্পি।

হতাশাময় দুটি মৌসুমের পর, এবার নতুন কোচ জোসে মরিনিয়োর কোচিংয়ে ঘুরে দাঁড়ানোর অভিযানে নামবে রেয়াল মাদ্রিদ।