১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগ জিতে আর্সেনালের ইতিহাস বদলাতে চান আর্তেতা

ইউরোপা সেরার মঞ্চে ২৩ মৌসুমে অংশ নিয়েও কখনও শিরোপা জিততে পারেনি ১৩ বারের ইংলিশ চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়ন্স লিগ জিতে আর্সেনালের ইতিহাস বদলাতে চান আর্তেতা
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 04:55 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

ইউরোপিয়ান কাপ থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপের ক্লাব ফুটবলের সেরা এই টুর্নামেন্টের বয়স ৭০ বছর পেরিয়ে গেছে। তবে কখনই এর ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি ১৩ বারের ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনাল। সেই ইতিহাস এবার বদলাতে চান ক্লাবটির কোচ মিকেল আর্তেতা।

ইংলিশ ক্লাবগুলোর মধ্যে লিভারপুল ছয়বার, ম্যানচেস্টার ইউনাইটেড তিনবার, চেলসি ও নটিংহ্যাম ফরেস্ট দুইবার করে এবং অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার সিটি ১ বার করে ইউরোপ সেরার মুকুট জিতেছে। সেখানে ২৩ বার এই টুর্নামেন্টে অংশ নিয়ে আর্সেনালের সর্বোচ্চ অর্জন একবার রানার্স-আপ হওয়া ও তিনবার সেমি-ফাইনালে খেলা। ২০০৬ সালে বার্সেলোনার বিপক্ষে হেরে টুর্নামেন্টের শিরোপা জয়ে ব্যর্থ হয় ক্লাবটি। 

গত মৌসুমে দারুণ পারফরম্যান্সে অধরা স্বপ্ন পূরণের আশা জাগায় আর্সেনাল। কোয়ার্টার-ফাইনালে তারা দুই লেগেই হারায় রেকর্ড চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদকে। কিন্তু সেমি-ফাইনালে হেরে যায় পরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়া পিএসজির বিপক্ষে।

স্প্যানিশ ক্লাব আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুম শুরু করবে আর্সেনাল। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ১১টায় শুরু হবে ম্যাচটি। আগের দিন বিলবাওয়ে সংবাদ সম্মেলনে নতুন ইতিহাস গড়ার প্রতিশ্রুতি দিলেন আর্তেতা।

“আমাদের ক্লাবের দীর্ঘ ইতিহাসই বলছে, কাজটা (চ্যাম্পিয়ন্স লিগ জয়) কতটা কঠিন, কারণ আমরা এখনও জিততে পারিনি এবং এটাই সুযোগ। আমি এভাবেই দেখি, কিন্তু চাপ হলো সেই সুযোগ, যা প্রতিদিন আরও ভালো হওয়ার শক্তি ও ইচ্ছা জোগায়।“

“প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে ক্লাবের মান ও প্রত্যাশা মাথায় রেখে। (শিরোপাটি জয়ের) সেরা সুযোগ তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বড় দলগুলো (যারা এই শিরোপা জিতেছে) সাত, আট, নয়বার চেষ্টা করে হয়তো দুবার জিতেছে। এই প্রতিযোগিতার প্রকৃতিই এমন, এখানে সফলতার চেয়ে ব্যর্থতা বেশি আসে। আমাদের ক্লাবের ইতিহাসও এমন, আমরা সেটাই বদলাতে চাই।”

বিলবাওয়ের বিপক্ষে লড়াইয়ে দলের গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারকে ছাড়াই খেলতে হবে আর্সেনালকে। চোটের কারণে বাইরে আছেন বুকায়ো সাকা, মার্টিন ওডেগোর, কাই হাভার্টজ, বেন হোয়াইট ও গাব্রিয়েল জেসুস।