Published : 21 Aug 2026, 05:57 PM
তরুণ বয়সে রেয়াল মাদ্রিদে যোগ দিয়ে সামর্থ্যের ঝলক দেখালেও, অভিষেক মৌসুমে সেটাকে পূর্ণতা দিতে পারেননি ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। গত মৌসুমে দলটিরও কাটে বাজে সময়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কিছুদিনের জন্য হলেও দল বদলের সিদ্ধান্ত নেন তিনি, ধারে যোগ দেন ফিওরেন্তিনায়। ‘স্বপ্নের দল’ ছেড়ে কেন সেখানে গেলেন, সেই কথাই জানালেন আর্জেন্টিনার এই ফুটবলার।
গত বছর জুনে রিভার প্লেট থেকে ছয় বছরের চুক্তিতে মাস্তানতুয়োনোকে দলে নেয় রেয়াল। স্পেনের ক্লাবটিতে শুরুর মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচ খেলে তিনটি গোল করেন তিনি। অবশ্য শুরুর একাদশে খুব বেশি সুযোগ পাননি তিনি।
গত মৌসুমে রেয়ালের পারফরম্যান্স ছিল হতাশাজনক। একটিও ট্রফি জিততে পারেনি তারা। কক্ষপথে ফিরতে এরপরই দলে বেশকিছু পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেন নতুন প্রধান কোচ জোসে মরিনিয়ো।
সবকিছু বিবেচনা করে, রেয়ালে কঠিন চাপ সামাল দিতে নিজেকে আরও পরিপক্ক করে তুলতে চান মাস্তানতুয়োনো। আর এই লক্ষ্য পূরণে ইতালিয়ান ক্লাবটির প্রকল্পই তার মনে ধরেছে।
“আমি যখন রেয়াল মাদ্রিদের সঙ্গে কথা বললাম, সেই আলোচনা ছিল দারুণ আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে। আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম: আমার সামনে অনেক বিকল্প ছিল এবং যারা আমার জন্য আগ্রহ দেখিয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়েছি। তবে যখন ফিওরেন্তিনা ও কোচের সঙ্গে কথা বললাম, এই প্রকল্প আমাকে দারুণ অনুপ্রাণিত করে এবং ঘোষণার এক সপ্তাহ আগেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।
“রেয়াল মাদ্রিদে আমাদের সবার খুব চ্যালেঞ্জিং একটা সময় কেটেছে; সময়টা সহজ ছিল না, তবে এই অভিজ্ঞতাগুলো শিখতে ও উন্নতি করতে সাহায্য করে। ক্যারিয়ারে সবসময়ই উন্নতির জায়গা থাকে। এখানে আসা মানে দেখিয়ে দেওয়ার ব্যাপার নয়, বরং আমি কী ধরনের খেলোয়াড় সেটা ফুটিয়ে তোলার একটা সুযোগ এবং ফিওরেন্তিনাকে দারুণ একটা দল করে তোলায় অবদান রাখার ব্যাপার। সেই সঙ্গে ফুটবল খেলে আনন্দও পেতে চাই।”
২০২৬-২৭ মৌসুমের পুরোটা ফিওরেন্তিনায় খেলবেন গত ১৪ অগাস্ট ১৯তম জন্মদিন পালন করা মাস্তানতুয়োনো।
এই ধারের চুক্তিতে অন্য কোনো শর্ত যুক্ত নেই। তাকে কিনে নেওয়ার বা ধারের চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ থাকবে না ফিওরেন্তিনার। অর্থাৎ আগামী গ্রীষ্মে সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরবেন মাস্তানতুয়োনো।