১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আমাদের ভাগ্যে বিশ্বকাপ লেখা ছিল’

ফাইনালের একমাত্র গোলটি করা ফেররান তরেস দুঃসময়ের দিকেও পিছু ফিরে তাকালেন।

‘আমাদের ভাগ্যে বিশ্বকাপ লেখা ছিল’
ট্রফি হাতে সতীর্থদের সঙ্গে ফেররান তরেসের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 08:13 AM

Updated : 11 Sep 2026, 03:41 PM

নিজেকে মেলে ধরতে পারছিলেন না বলে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন ফেররান তরেস। সেই তিনি ফাইনালে পেলেন জালের দেখা। তার গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতল স্পেন। দারুণ প্রাপ্তির উচ্ছ্বাস নিয়ে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড পিছু ফিরে তাকালেন। বললেন, গোল করে মুক্তির স্বাদ অনুভব করছেন তিনি।

নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের স্বাদ নেয় স্পেন। ১০৬তম মিনিটে নিকো উইলিয়ামসের পাস থেকে নির্ণায়ক গোলটি করেন তরেস।

এবারের আসরে স্পেনের গোলের দাবি মেটাচ্ছিলেন মূলত মিকেল ওইয়ারসাবাল। আক্রমণভাগের আরেক সেরা তারকা লামিন ইয়ামাল একবার হলেও পান জালের দেখা। সেখানে তরেস ছিলেন পাদপ্রদীদের আলো থেকে অনেক দূরে। ফাইনালে, মোক্ষম সময়ে তিনি বেরিয়ে এলেন আড়াল ভেঙে। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বললেন, শিরোপা তাদের ভাগ্যেই লেখা ছিল।

“আমি মনে করি, শেষ পর্যন্ত গোলটি এসেছে চার কোটি ৭০ লাখ মানুষের (স্প্যানিশ) কাছ থেকে, কেবল এখানে যারা আছে, তাদের থেকে নয়। যেন আজ এমনটাই হবে- এটাই লেখা ছিল। ভাগ্যে ছিল, আমরা জিতব। আজ দেশের মানুষের থেকে আমরা অনেক দূরে, কিন্তু আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি, তাদের কাছাকাছি থাকার।

“ফাইনাল কঠিন। যখন প্রতিপক্ষ দলে মেসি (লিওনেল) থাকবেন, তখন আপনাকে চিন্তায় পড়তেই হবে, কিন্তু সবসময় নিজেদের প্রতি আমাদের আস্থা ছিল এবং আমরা নিজেদের ফুটবল খেলার চেষ্টা করেছি। আমার মনে হয়, আবারও কাজটি ভালোভাবে করতে পেরেছি আমরা।”

সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে গোল পাওয়ায় আনন্দের সঙ্গে স্বস্তিও পাচ্ছেন তরেস।

“গোলটা ভীষণ স্বস্তির। টুর্নামেন্ট জুড়ে আমি সমালোচিত হচ্ছিলাম। কিন্তু, একটু আগেই বললাম, নিয়তি এটাই লিখে রেখেছিল। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। তিনি সবসময় আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছেন এবং শেষ পর্যন্ত যারা যোগ্য, তিনি তাদেরকেই দেন।”