‘আজ আমরা স্বাভাবিকের চেয়ে বেশি ভুল করেছি’
রেয়াল মাদ্রিদের বিপক্ষে দলের হারের জন্য অস্বাভাবিক মাত্রায় ভুলের দায় দিলেন বার্সেলোনার সহকারী কোচ মার্কাস জর্গ।
রেয়াল মাদ্রিদের বিপক্ষে নিজেদের পারফরম্যান্সে হতাশ বার্সেলোনার সহকারী কোচ মার্কাস জর্গ। তার মতে, মৌসুমের প্রথম ক্লাসিকোয় স্বাভাবিকের চেয়ে বেশি ভুল করেছে দল। রেয়ালের মাঠে কাতালানরা কখনও ছন্দ খুঁজে পায়নি, তাতে মাঠ ছাড়তে হয়েছে হার মেনে।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার লা লিগার ম্যাচে রেয়ালের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চার ক্লাসিকো জয়ের পর পঞ্চম ম্যাচে এসে হারল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
খেলার ৬৮ শতাংশ সময় বার্সেলোনার পায়ে বল ছিল। তবে আক্রমণ আর লক্ষ্যে শট রাখায় এগিয়ে ছিল রেয়াল। কাতালানদের ১৫ শটের মধ্যে ৬টি ছিল লক্ষ্যে, বিপরীতে ২৩ শটের ১০টি লক্ষ্যে রাখে শাবি আলোন্সোর দল।
চোটের কারণে এই ম্যাচে বার্সেলোনা পায়নি রাফিনিয়া, হোয়ান গার্সিয়া, রবের্ত লেভানদোভস্কি, গাভি ও দানি ওলমোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের। আর সবশেষ ম্যাচে লাল কার্ড দেখায় ডাগআউটে ছিলেন না কোচ হান্সি ফ্লিক। তাই কোচের ভূমিকায় ছিলেন ফ্লিকের সহকারী জর্গ।
খেলা শেষে জর্গের কণ্ঠে দলের পারফরম্যান্স নিয়ে ফুটে উঠেছে হতাশা। তবুও শেষ পর্যন্ত সর্বোচ্চ লড়াই করায় প্রশংসাও করেছেন। কথা বলেছেন লামিনে ইয়ামালের পারফরম্যান্স নিয়েও।
“আমরা স্বাভাবিকের চেয়েও অনেক বেশি ভুল করেছি। তবুও শেষ পর্যন্ত ছেলেরা লড়াই করেছে, আরও সুযোগ তৈরি করার শক্তি ছিল তাদের ভেতর।”
“লামিনের জন্য ম্যাচটা সহজ ছিল না। তাকে খুব ভালোভাবে পাহারায় রাখা হয়েছিল; আমরা সব চেষ্টা করেছি, কিন্তু কখনও কখনও প্রতিপক্ষের রক্ষণও দারুণ কাজ করে। আমাদের এটাও মনে রাখতে হবে, ও চোট কাটিয়ে ফিরেছে এবং বয়স মাত্র ১৮। প্রতিপক্ষ যদি ভালোভাবে ওকে আটকে রাখে, তাতেও অবাক হওয়ার কিছু নেই। আমরা জানি, ওর সম্ভাবনা অনেক।”
এই হারে শিরোপা ধরে রাখার অভিযানে পিছিয়ে পড়ল বার্সেলোনা। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে চূড়ায় রেয়াল।
