২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা তৃতীয় জয়ে পাঁচে লিভারপুল

পয়েন্টের হিসেবে লিগ টেবিলের চার নম্বর ম্যানচেস্টার ইউনাইটেডকেও ছুঁয়েছে শিরোপাধারীরা।

টানা তৃতীয় জয়ে পাঁচে লিভারপুল
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার জয় পেল লিভারপুল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 11:07 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

অবনমন অঞ্চলের দলের বিপক্ষে দারুণ পারফরম্যান্স উপহার দিল লিভারপুল। দুই অর্ধেই গোল উৎসব করে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেল আর্না স্লটের দল। 

অ্যানফিল্ডে শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। তাদের চার গোলদাতা হলেন উগো একিটিকে, ভার্জিল ফন ডাইক, আলেক্সিস মাক আলিস্তের ও কোডি হাকপো।

লিগে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার জয় পেল লিভারপুল। লিগ টেবিলেও একটু উন্নতি হলো তাদের।

২৮ ম্যাচে ১৪ জয় ও ৬ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে উঠেছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড, ওল্ড ট্র্যাফোর্ডের দলটি এক ম্যাচ কম খেলেছে। 

আগের দুই ম্যাচে কঠিন লড়াইয়ের পর একমাত্র গোলে জয়ী লিভারপুল এদিন শুরুতেই এগিয়ে যায়। পঞ্চম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে, বাঁ পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলটি করেন একিটিকে।

গত গ্রীষ্মে লিভারপুলে যোগ দেওয়া এই ফরাসি ফরোয়ার্ডের প্রিমিয়ার লিগে গোল হলো ১১টি।

পরে আরও দুইবার জালে বল পাঠিয়ে বিরতির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল।

২৪তম মিনিটে দমিনিক সোবোসলাইয়ের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভার্জিল ফন ডাইক। আর ৪৩তম মিনিটে ডি-বক্সে একিটিকের ছোট কাটব্যাক পেয়ে জোরাল ভলিতে ব্যবধান আরও বাড়ান মাক আলিস্তের। 

গত সপ্তাহে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এই আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলেই জিতেছিল লিভারপুল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল ফিরিয়ে দেয় সফরকারীরা। ৪৯তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে গোলটি করেন চেক রিপাবলিকের মিডফিল্ডার তোমাশ সুচেক।

কিছুক্ষণ পর ছয় গজ বক্সে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন হাকপো। তবে ৭০তম মিনিটে তার সৌভাগ্যসূচক গোলেই ফের তিন গোলে এগিয়ে যায় লিভারপুল। এই ডাচ ফরোয়ার্ডের শটে বল একজনের পায়ে লেগে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

চার মিনিট পর ডাচ উইঙ্গার ক্রিসেনসিও সামারভিলের জোরাল শটে দারুণ ক্ষিপ্রতায় বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান আলিসন। ওই কর্নারেই কাছ থেকে হেডে স্কোরলাইন ৪-২ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ভালেন্তিন।

তবে নতুন কোনো নাটকীয়তার জন্ম দিতে পারেনি ওয়েস্ট হ্যাম। বরং শেষ দিকে ব্যবধান আরও বাড়ে। বদলি নামা ইয়েরেমি ফ্রিমপংয়ের শট ডিফেন্ডার দিয়াসির পায়ে লেগে ঠিকানা খুঁজে পায়। 

এবারের লিগে এই ১৫ ম্যাচ হারল ওয়েস্ট হ্যাম। ২৫ পয়েন্ট নিয়ে আছে ১৮ নম্বরে।