Published : 10 Apr 2026, 08:53 PM
ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে মন্তব্যের জন্য ক্লাব চেলসি ও কোচ লিয়াম রোস্যানিওর কাছে ক্ষমা চেয়েছেন এন্সো ফের্নান্দেস। তবে কোচ নিশ্চিত করেছেন, ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবেন না এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
চোটে বাইরে থাকা রিস জেমসের অনুপস্থিতিতে চেলসির অধিনায়কের দায়িত্ব সামলানো ফের্নান্দেস সম্প্রতি বলেছিলেন, বিশ্বকাপের পর তিনি ভবিষ্যৎ নিয়ে ভাববেন এবং রেয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনার প্রশ্নে, স্পেনে থাকতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
সম্ভাব্য দলবদল নিয়ে মন্তব্য করায় দুই ম্যাচে তাকে দলের বাইরে রাখার ঘোষণা দেন রোস্যানিও। ফলে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে পোর্ট ভ্যালের বিপক্ষে ৭-০ গোলে জয়ের ম্যাচে তিনি খেলতে পারেননি। প্রিমিয়ার লিগে রোববার সিটির বিপক্ষেও খেলতে পারবেন না বিশ্বকাপ জয়ী ফুটবলার।
আগের দিন সংবাদ সম্মেলনে কোচ রোস্যানিও জানালেন, দুঃখ প্রকাশ করেছেন ফের্নান্দেস।
“এন্সোর সঙ্গে আমার বেশ ভালো আলোচনা হয়েছে, তিন-চারবার। আমার এবং ক্লাবের কাছে ক্ষমা চেয়েছে সে এবং রোববারের গুরুত্বপূর্ণ ম্যাচের পর আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব… তার চরিত্র বা ব্যক্তি হিসেবে সে কেমন, তা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলিনি। আমি বিশ্বাস করি, মানুষ ভুল করে।”
“রোববার খেলবে না সে। তবে আশা করি, এরপর থেকে সে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। এখনও কিছু বাধা পার করতে হবে, যেগুলো নিয়ে আমি বিস্তারিত বলতে চাই না। আমি চাই প্রত্যেক খেলোয়াড় এখন আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য পুরোপুরি মনোযোগী হোক।”
৩১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ ষষ্ঠ স্থানে আছে চেলসি। রোস্যানিও বলেছেন, এই মুহূর্তে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করাই তাদের একমাত্র লক্ষ্য।