ব্যালন দ’র জয়ে নিজেকেই যোগ্য মনে করেন রাফিনিয়া
বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকার মতে, ব্যালন দ’র জয়ী উসমান দেম্বেলের আসলে চতুর্থ স্থানে থাকা উচিত ছিল।
আশা ছিল ব্যালন দ’র জয়ের। কিন্তু জায়গা হয়নি শীর্ষ তিনেও! চূড়ান্ত ফলাফলে দারুণ বিস্মিত ও অবাক হয়েছিলেন রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকার মতে, এই পুরস্কারের যোগ্য দাবিদার ছিলেন তিনি। পুরস্কারজয়ী উসমান দেম্বেলের জায়গা তার চোখে চার নম্বরে।
ব্যালন দ’রের লড়াইয়ে দেম্বেলের শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছিল রাফিনিয়াকে। তবে শেষ পর্যন্ত রাফিনিয়ার জায়গা হয় পাঁচে। লামিনে ইয়ামাল ছিলেন দুইয়ে, ভিতিনিয়া তিনে ও মোহামেদ সালাহ চারে।
সোফাস্কোরকে রাফিনিয়া বললেন, এটিই তাকে হতাশ করেছে বেশি।
“আমি হতাশ হয়েছিলাম, কারণ অন্তত শীর্ষ তিনে থাকার আশার আমার ছিল। ব্যালন দ’র জেতাটা কঠিন ছিল, এটা জানতাম। কারণ এই পুরস্কারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জয়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। তবে শেষ পর্যন্ত নিজের অবস্থানে হতাশ ছিলাম। আমি তো নিজেকে প্রথম স্থানেই রাখি (ব্যালন দ’র জয়ের লড়াইয়ে)।”
গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৩৪ গোল করেছিলেন রাফিনিয়া, সহায়তা করেছিলেন ২৫ গোলে। তার দল জিতেছে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। তবে চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়ে কাতালানরা।
রাফিনিয়ার মতে, চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পেরেই ব্যালন দ’র হাতছাড়া হয়ে গেছে তার। তব সেটি উচিত নয় বলেই মনে করেন তিনি।
“আমার মতে, এরকম ব্যক্তিগত পুরস্কার স্রেফ একটি প্রতিযোগিতার ওপর ভিত্তি করে দেওয়া উচিত নয়। মৌসুমজুড়ে যা করেছি আমি, যে শিরোপাগুলো জিতেছি, যে রেকর্ডগুলো অর্জন করেছি, মাঠে যেভাবে নিজেকে মেলে ধরেছি, সবকিছুর জন্য আমার প্রথম স্থানে থাকা উচিত ছিল। আমার মতে, জয় আমারই প্রাপ্য ছিল।”
“মৌসুমটি যেমন কেটেছে, আমি খুশি ও সন্তুষ্ট। মৌসুমজুড়ে যা করেছি, ব্যক্তিগত পুরস্কার না পাওয়ায় তা মুছে যেতে পারে না।”
গত মৌসুমে পিএসজির ঐতিহাসিক ট্রেবল জয়ে বড় অবদান ছিল দেম্বেলের। গোল করেন তিনি ৩৫টি। তবে রাফিনিয়ার স্থির বিশ্বাস, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কারণেই মূলত ব্যালন দ’র জিতেছেন এই ফরাসি তারকা।
“শেষ পর্যন্ত বুঝতে পেরেছি যে, এটায় (ব্যালন দ’র) অনেক কিছু সম্পৃক্ত যা আমার নিয়ন্ত্রণের বাইরে ও আরও অনেক কিছু আছে, যা সুনির্দিষ্ট করে বলা কঠিন।”
“আমার মতে, পুরো মৌসুম বিবেচনায় নিলে এটি আমারই প্রাপ্য ছিল। লামিনেকে দুইয়ে রাখব আমি, পেদ্রিকে তিনে, দেম্বেলে থাকবে চারে। যেহেতু একটি টুর্নামেন্টকে ভিত্তি করেই পুরস্কারটি দেওয়া হয়, সেক্ষেত্রেই দেম্বেলেরই প্রাপ্য।”
