০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

হ্যাটট্রিকের পর ‘আতলেতিকোর সেরা’ আলভারেসকে প্রশংসায় ভাসালেন সিমেওনে

মাদ্রিদ ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার মতো এক জয় পেল আতলেতিকো মাদ্রিদ।

হ্যাটট্রিকের পর ‘আতলেতিকোর সেরা’ আলভারেসকে প্রশংসায় ভাসালেন সিমেওনে
ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেন হুলিয়ান আলভারেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 06:03 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

ম্যাচের শুরুতে এগিয়ে গিয়ে পরে পিছিয়ে পড়ার ধাক্কা। এরপরই শেষ ১০ মিনিটের নাটকীয়তায় দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আতলেতিকো মাদ্রিদের রোমাঞ্চকর জয়। দারুণ এক হ্যাটট্রিকে যে জয়ের নায়ক হুলিয়ান আলভারেস। এমন পারফরম্যান্সের পর, কোচ দিয়েগো সিমেওনের চোখে এখন তার দলের সেরা খেলোয়াড় এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

লা লিগায় রায়ো ভাইয়েকানোর বিপক্ষে বুধবার রাতে ৩-২ ব্যবধানে জয়ের পথে দলের তিনটি গোলই করেন আলভারেস।

ঘরের মাঠে ম্যাচের ১৫তম মিনিটেই দলকে এগিয়ে নেন আলভারেস। বিরতির ঠিক আগে ভাইয়েকানোর পেপ চাভারিয়া ডি-বক্সের বাইরে থেকে শটে সমতায় ফেরান দলকে। ৭৭তম মিনিটে আলভারো গার্সিয়ার গোলে এগিয়েও যায় ভাইয়েকানো। 

এরপরই আলভারেসের নায়ক হয়ে ওঠা। ৮০ ও ৮৮তম মিনিটে বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন আলভারেস। বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে চোখধাঁধানো এক গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

এবারের লা লিগায় আতলেতিকোর এটি কেবল দ্বিতীয় জয়।

ম্যাচ শেষে ইএসপিএনে জানানো প্রতিক্রিয়ায় সিমেওনে ভূয়সী প্রষংসা করেন আলভারেসের।

“(আলভারেস) দুর্দান্ত, সে আমাদের সেরা খেলোয়াড়। তার যত্ন নিতে হবে, সে যেন আরও ভালো হয়ে উঠতে পারে, এজন্য তাকে সাহায্য করতে হবে। আতলেতিকো মাদ্রিদে অনেক বছর আমরা তাকে পেতে চাই, কারণ সে ম্যাচে ব্যবধান গড়ে দেওয়া খেলোয়াড়।”

এই ম্যাচের আগে মৌসুমে মাত্র এক গোল করেছিলেন আলভারেস। আগের ম্যাচে মায়োর্কার মাঠে ১-১ ড্রয়ের পথে তাকে তুলে নেওয়ায় প্রকাশ্যে অসেন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। স্প্যানিশ গণমাধ্যম খবর আসে, সেসময় তিনি নাকি বলেছিলেন, “সবসময় আমি-ই কেন।”

হ্যাটট্রিক করার পর নিজের অবস্থান পরিষ্কার করলেন আলভারেস। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক বিষয় সত্যি নয় বলেও পরিষ্কার করলেন।

“সবকিছু ঠিকঠাক আছে। আমি ঠিক ওই কথাগুলো বলিনি। অন্য কিছু, খারাপ কিছু বলেছিলাম। ম্যাচ যেভাবে এগোচ্ছিল, তাতে আসলে নিজের ওপর ক্ষুব্ধ ছিলাম, ম্যাচ যেমন গিয়েছিল তা দেখে। তবে আজকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে এসব হতেই থাকে।”

ঘুরে দাঁড়িয়ে পাওয়া এই জয়ে মাদ্রিদ ডার্বির আগে নিশ্চিতভাবেই আতলেতিকো শিবিরে আত্মবিশ্বাস বাড়াবে। আগামী শনিবার ঘরের মাঠে তারা রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। 

লিগে ছয় ম্যাচ খেলে সবগুলো জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রেয়াল। ৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে আতলেতিকো।