সাবিনাদের সাফের মুকুট ধরে রাখা চ্যালেঞ্জিং হবে: জামাল
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে সাবিনা-কৃষ্ণাদের শুভকামনা জানানোর পাশাপাশি নিজের ক্লাব ক্যারিয়ারে চলা টানাপোড়েন নিয়েও অনেক কথা বললেন বাংলাদেশ অধিনায়ক।
মেয়েদের ঘিরে প্রত্যাশা, স্বপ্ন এবারও আকাশচুম্বি, কিন্তু প্রস্তুতি কিছুটা সাদামাটা! উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার লড়াইয়ের প্রস্তুতি নিয়ে খোদ কোচ পিটার বাটলারের মধ্যেও আছে খচখচানি। জামাল ভূঁইয়ার কণ্ঠে সেই একই প্রতিধ্বনি। সাবিনা-কৃষ্ণা-মারিয়াদের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের অধিনায়ক আশা-শঙ্কার দোলাচলে দুললেও জানালেন শুভকামনা। সতর্ক করে বললেন, কঠিন হতে পারে এবারের অভিযান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’কে দেওয়া সাক্ষাৎকারে সাবিনাদের সাফ মিশনের পাশাপাশি নিজের ক্লাব ক্যারিয়ার নিয়েও চলা টানাপোড়েন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়া নিয়েও ক্ষোভ ঝাড়লেন জামাল। ২০২৪-২৫ মৌসুম শুরুর আগে চলমান সমস্যার সমাধান খুব করে চাইছেন ডেনমার্ক প্রবাসী এই বাংলাদেশি ফুটবলার।
সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার অভিযানে যাচ্ছে মেয়েরা…
জামাল ভূঁইয়া: জাতীয় দল যখনই কোনো টুর্নামেন্টে খেলবে, আমরা তো অবশ্যই তাদের সমর্থন করব, পাশে থাকব; এটা খুবই স্বাভাবিক বিষয়। আমরা তো সবসময় ওদের শুভকামনা জানাই। এবারও শুভকামনা থাকবে, মেয়েরা যেন মুকুট ধরে রাখতে পারে।
এবারও খেলা সেই নেপালে বলেই কি বেশি আশাবাদী?
জামাল ভূঁইয়া: দুই বছর আগে দল চ্যাম্পিয়ন হয়েছিল নেপালে, এবারও সেই নেপালেই আসর, আমি চাই, সেখানে আবারও চ্যাম্পিয়ন হোক। নেপাল যেহেতু আমাদের লাকি ভেন্যু (হাসি), আশা করি, মেয়েরা আবারও সেরা হবে।
মাঝের সময়ে দলে বেশ কিছু পরিবর্তন এসেছে, সিরাত জাহান স্বপ্নার মতো ফরোয়ার্ড, আঁখি খাতুনের মতো ডিফেন্ডার নেই…
জামাল ভূঁইয়া: দলে সবসময় এটা চলে। কেউ আসে, কেউ যায়। অভিজ্ঞরা না থাকায় সমস্যা হতেও পারে, নাও পারে, যদি নতুন যারা দলে থাকবে, তারা তাদের সেরাটা দিতে পারে। নতুনদের আমি বলব, চ্যালেঞ্জটা নিতে, সুযোগ কাজে লাগাতে।
চ্যাম্পিয়ন হওয়ার পর মেয়েরা গত দুই বছরে মাত্র ১১টি ম্যাচ খেলেছে, সেখানে আপনারা গত সাফের পর এক বছরেই খেলেছেন ১২টি ম্যাচ…প্রস্তুতির ব্যবধান এখানেই স্পষ্ট!
জামাল ভূঁইয়া: তাই নাকি? ঠিকঠাক প্রস্তুতি নিতে ওদের তাহলে তো আরও বেশি ম্যাচ খেলার প্রয়োজন ছিল। ম্যাচ যত বেশি খেলা যায়, নিজেদের শক্তি-দুর্বলতা তত বেশি টের পাওয়া যায়। সে অনুযায়ী সবকিছু গুছিয়ে নেওয়া যায়। কেন ওরা বেশি ম্যাচ খেলতে পারল না, বলতে পারব না।
২০২৪-২৫ মৌসুমে মেয়েদের লিগ শুরু হলেও অন্তত খেলার মধ্যে থাকার সুযোগ ছিল সাবিনা-কৃষ্ণাদের…
জামাল ভূঁইয়া: মেয়েদের লিগটা চললে ভালো হত, তাহলে ওরা প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে থাকত, খেলার মধ্যে না থাকায় নেপালে জেতা এবার মেয়েদের জন্য চ্যালেঞ্জিং হবে। একটু বেশি কষ্ট করতে হবে। এবারের সফরটা মেয়েদের উপভোগ করতে হবে। পুরান-নতুন খেলোয়াড় সবাই যদি খেলাটা উপভোগ করে, তাহলে ওরা পারবে (শিরোপা ধরে রাখতে)।
ভিন্ন প্রসঙ্গে আসি। নতুন মৌসুমে কোন ক্লাবের হয়ে খেলবেন, সেটার সমাধান কি হলো?
জামাল ভূঁইয়া: বাফুফে আমার কাছে যেসব ডকুমেন্টস চেয়েছিল, আমি সবগুলো দিয়েছি। কিন্তু এখন আর তারা ফোন করলে সাড়া দেয় না। যার যোগাযোগ করার কথা ছিল, সে পুরো বদলে গেছে। আগে সে আমাকে এসএমএস দিয়েছে, বলেছে, ক্ষতিপূরণ দাবি করো, চিঠি দাও, আমি দিয়েছি। এরপর আমি জানি না, কী হচ্ছে। কারো কাছ থেকে সাড়া পাচ্ছি না।
ব্রাদার্স ইউনিয়ন কি চেষ্টা করছে বিষয়টি সুরাহার?
জামাল ভূঁইয়া: আমের ভাই (ব্রাদার্স ইউনিয়নের টিম ম্যানেজার) আমাকে অনেক সাহায্য করছেন। উনি চেষ্টা করছেন সমস্যা সমাধানের। সমস্যা হচ্ছে…ভেতরে…কোন পক্ষ আমাকে না করে দিচ্ছে।
আবাহনীর সাথে আপনার কি সমঝোতা হয়েছিল। আপনি একরকম বলেন, আবাহনী অন্যরকম বলে…
জামাল ভূঁইয়া: আমি সব তথ্য পাঠিয়েছি (বাফুফেতে), আবাহনীর সাথে চুক্তি যদি নিশ্চিত না হয়, তাহলে কোনো ক্লাব কি আমাকে ফ্লাইট টিকেট পাঠাবে? যখন আমি কনফার্ম করেছি ওদের ক্লাবে যোগ দিব, তখন আবাহনী আমার ফ্লাইট টিকেট কনফার্ম করে পাঠিয়েছি। এখন ওরা বলছে, জামাল কোনো যোগাযোগ করেনি। এটা তো পুরো মিথ্যা।
এই পরিস্থিতিতে তাহলে সমস্যার সমাধানের পথ কি?
জামাল ভূঁইয়া: বাফুফেকে আমি সব তথ্য দিয়েছি। দেখি, ওরা কী করে। আমি (আবাহনীর সাথে) সব আলোচনার স্ক্রিন শট নিয়েছি, ইমেলে পাঠিয়েছি, এখন যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমি ফিফার কাছে যাবো। কিন্তু বাফুফে কেন এমন করছে, তা আমি বুঝতে পারছি না।
