২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেম্বেলেকে নিয়ে কেটে গেছে অনিশ্চয়তা

পিএসজির কোচ লুইস এনরিকে নিশ্চিত করেছেন, এখন পুরোপুরি ফিট ফরাসি এই ফরোয়ার্ড।

দেম্বেলেকে নিয়ে কেটে গেছে অনিশ্চয়তা
দলের সঙ্গে অনুশীলনে উসমান দেম্বেলে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 08:45 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে উসমান দেম্বেলের খেলা নিয়ে যে শঙ্কা জেগেছিল, তা কেটে গেছে। পিএসজির কোচ লুইস এনরিকে নিশ্চিত করেছেন, বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবেন ফরাসি এই ফরোয়ার্ড।

ইউরোপ সেরার লড়াইয়ে মঙ্গলবার ঘরের মাঠে জার্মান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে পিএসজি। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু মাঠের লড়াই।

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বায়ার্নের বিপক্ষে সবশেষ দেখায় গোল করেছিলেন দেম্বেলে। গত জুলাইয়ের ওই ম্যাচে ৯ জনের দল নিয়ে ২-০ গোলে জিতেছিল পিএসজি। যোগ করা সময়ে জালের দেখা পেয়েছিলেন তিনি।

গত মৌসুমে পিএসজির ট্রেবল জয়ে বড় অবদান রাখা দেম্বেলে হ্যামস্ট্রিং চোটে এবার বেশ কিছু ম্যাচে ছিলেন দলের বাইরে। এবারের ব্যালন দ’র জয়ী তারকা গত ২১ অক্টোবর বায়ার লেভারকুজেনের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন; ৭-২ ব্যবধানে জয়ের ম্যাচে ২৭ মিনিট খেলে একটি গোলও করেন তিনি।

পরে লিগ আঁয় খেলেন তিনটি ম্যাচ। কিন্তু একটি ম্যাচেও পুরো সময় মাঠে ছিলেন না তিনি। গত বুধবার লরিয়ঁর বিপক্ষে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচের ৬২তম মিনিটে ডান পায়ের ঊরুতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন দেম্বেলে। পরে শনিবার নিস ম্যাচে খেলেন স্রেফ ১৮ মিনিট।

এতেই বায়ার্নের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে জমতে শুরু করে অনিশ্চয়তার মেঘ। তবে আগের দিন সংবাদ সম্মেলনে সেই কালো মেঘ সরিয়ে দিলেন এনরিকে। স্প্যানিশ এই কোচ বললেন, এখন পুরোপুরি ফিট দেম্বেলে।

“আমরা কোনো খেলোয়াড়কে নিয়ে ঝুঁকি নেই না। তবে উসমান দেম্বেলে ফিট আছে, গত দুই সপ্তাহে ধরে সে প্রতিটি অনুশীলন সেশনে ছিল।”

“সে তার ফিটনেসের উন্নতি করছে এবং সে অবশ্যই আগামীকাল খেলবে। জানি না কত মিনিট, তবে খেলবে, কারণ সে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।”

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে শুরুটা দারুণ হয়েছে পিএসজির। ৩ ম্যাচের সবকটি জিতে শীর্ষে আছে তারা।