চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়াই হবে ম্যান সিটির ‘বড় সাফল্য’
প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লক্ষ্য এখন ম্যানচেস্টার সিটি কোচের।
এবারের মৌসুমে এরই মধ্যে দুটি প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার আশাও তাদের শেষ হয়ে গেছে আগেই। এফএ কাপে অবশ্য এখনও টিকে আছে তারা। তবে পেপ গুয়ার্দিওলার লক্ষ্য এখন একটাই- প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া। সিটি কোচের মতে, খুব কঠিন এক মৌসুমে তাদের জন্য বড় অর্জন হবে এটিই।
প্রিমিয়ার লিগের গত চার মৌসুমের চ্যাম্পিয়ন সিটি এবার আছে পঞ্চম স্থানে। ম্যাচ বাকি আছে আর ১০টি।
২০২৪ সালের ব্যালন দ’র জয়ী রদ্রিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মৌসুমের অনেকটা সময় তারা পায়নি। সেটার নেতিবাচক প্রভাব পড়েছে তাদের পারফরম্যান্সে।
লিগে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিই হেরেছে সিটি। সবশেষ, গত শনিবার নটিংহ্যাম ফরেস্টের মাঠে ১-০ গোলে হারে তারা।
মৌসুমে তাদের যা অবস্থা, তাতে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে জিততে চান গুয়ার্দিওলা।
“চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া হবে বড় সাফল্য। তবে এটি অর্জন করতে হবে। আমি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে চাই। যদি সিটি তা না পারে, সেটা মোটেও ভালো কিছু হবে না। প্রিমিয়ার লিগে অতীতে অন্যান্য দলের ক্ষেত্রে কী হয়েছিল, তা দেখেছি আমি।”
“চ্যাম্পিয়ন্স লিগে না থাকাটা সমস্যা হবে। তবে এমন কিছু দল আছে যারা কখনও জায়গা করে নিতে পারেনি এবং পরে ফিরে এসেছে, এখন সেখানে আছে।”
২০০৯-১০ মৌসুমের পর থেকে কখনও চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হয়নি সিটি। পঞ্চম স্থানে থেকেও অবশ্য ইউরোপ সেরার প্রতিযোগিতায় জায়গা পেতে পারে তারা। এই মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইংলিশ দলগুলোর শক্ত পারফরম্যান্সের ভিত্তিতে প্রিমিয়ার লিগ থেকে বাড়তি এক দল চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে পারে।
নিজেদের পরের লিগ ম্যাচে আগামী শনিবার ঘরের মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মুখোমুখি হবে সিটি।
