২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক বেশি ম্যাচের চাপে ফুরিয়ে যাবেন না তো ইয়ামাল?

যে দুর্দান্ত ভবিষ‍্যতের আভাস দিয়েছেন লামিনে ইয়ামাল, অতিরিক্ত খেলার চাপে তা পূর্ণতা পাবে কিনা, তা নিয়ে সন্দিহান ফিপ্রো।

অনেক বেশি ম্যাচের চাপে ফুরিয়ে যাবেন না তো ইয়ামাল?
অল্প বয়সে অনেক বেশি ম্যাচ খেলেছেন লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2025, 09:36 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

চলতি মৌসুমের দ্বিতীয় আন্তর্জাতিক ফুটবলের বিরতি শুরু হয়েছে। মূলত চোটের ছোবলে বর্তমানে মাঠের বাইরে থাকার কারণেই সময়টা ব্যস্ততায় কাটবে না লামিনে ইয়ামালের। ১৮ বছর বয়সী এই ফুটবলারের বিশ্রাম প্রয়োজন, সেদিক থেকে এটা ভালো খবর। কিন্তু বার্সেলোনা ও স্পেন ফরোয়ার্ডের জন‍্য পরিস্থিতি আসলে তেমন সুখকর কিছু নয়; কারণ এই সময়ে যে কুঁচকির চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকতে হবে তাকে।

পিএসজির বিপক্ষে গত সপ্তাহে চ‍্যাম্পিয়ন্স লিগে হেরে যাওয়া ম‍্যাচে এই চোট পান তিনি। অল্প সময়ের মধ্যে পরপর দুবার চোটের ধাক্কা লাগায় তার ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনা বাড়ছে। একই রকম শঙ্কা প্রকাশ করেছে পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন-ফিফপ্রো।

সবশেষ চোট দুর্ভাগ্যের কারণেও পেতে পারেন ইয়ামাল, আবার শীর্ষ পর্যায়ের ফুটবলের প্রবল তীব্রতা ও চাপের জন‍্যও হতে পারে। তবে যখন একজন টিনএজারের ম‍্যাচ খেলার অবিশ্বাস‍্য সংখ্যার ওপর নজর পড়ে- ১৮তম জন্মদিনের আগেই সিনিয়র ফুটবলে ১৩০টি ম‍্যাচ ও আট হাজার ১৫৮ মিনিট খেলার মতো ব‍্যাপারগুলো সামনে আসে, তখন তার দ্রুত ক্ষয়ে যাওয়ার শঙ্কাও জোরাল হয়। 

বিশেষজ্ঞদের মতো সাধারণ ফুটবলপ্রেমীদের মনেও ভয় জাগে, ফুটবলের এই বিপজ্জনক যাত্রা সময়ের সবচেয়ে বড় তরুণ তারকার ক্যারিয়ারে বড় আকারে বিরূপ প্রভাব ফেলবে না তো!

শীর্ষ পর্যায়ের আর কোনো ফুটবলার বয়স ১৮ ছোঁয়ার আগে ইয়ামালের কাছাকাছি সংখ্যার ম‍্যাচ খেলেননি, এত বেশি মিনিট মাঠে কাটাননি। তার ওপর পরিশ্রমের এত বেশি চাপ দেখে, ক্লাব ও দেশের হয়ে ২০২৪-২৫ মৌসুমে তার খেলার সময়কে বিবেচনায় নিয়ে ৫১ পাতার একটি গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করেছে ফিফপ্রো। 

সংস্থাটির হাই-পারফরম‍্যান্স নেটওয়ার্কের প্রধান ড‍্যারেন বার্গেস তরুণ খেলোয়াড়দের সামনে যে মারাত্মক ঝুঁকি আছে, তা নিয়ে সাবধান করেছেন। 

“আধুনিক ফুটবলের ক্রমবর্ধমান তীব্রতা প্রতিষ্ঠিত পেশাদারদের জন‍্যই একটি বড় চ‍্যালেঞ্জ, সেখানে ১৬ থেকে ২০ বছর বয়সী তরুণ খেলোয়াড়দের জন‍্য ঝুঁকি আরও বেশি। এই বয়সে তাদের শরীর ও মন বিকশিত হওয়ার পর্যায়ে থাকে। তাই এত ব‍্যস্ত সূচির চাপ এবং কঠোর পরিশ্রমের অনুশীলন তাদের পারফরম‍্যান্স ও ক‍্যারিয়ারের স্থায়ীত্বে প্রভাব ফেলতে পারে।“  

সমসাময়িক খেলোয়াড়দের চেয়ে কত বেশি খেলছেন ইয়ামাল? এর উত্তর চমকে ওঠার মতো এবং সম্ভবত উদ্বেগজনকও।

১৮তম জন্মদিনের আগে বার্সেলোনা ও স্পেনের হয়ে ইয়ামালের খেলা ১৩০ ম‍্যাচ, এই দুই দলের বর্তমান সময়ের অন‍্য যে কোনো ফুটবলারের চেয়ে প্রায় দ্বিগুণ! ১৮ বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবার্সি খেলেছেন ৬৯ ম‍্যাচ। এরপরে আছেন দুই মিডফিল্ডার গাভি (৬০) ও পেদ্রি (৪৯)। 

বার্সেলোনা ও স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য ইয়ামাল। ছবি: রয়টার্স

বার্সেলোনা ও স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য ইয়ামাল

বার্সেলোনা ও স্পেন ছাড়িয়ে একই পর্যায়ের অন‍্যদের সঙ্গে তুলনা করলেও ইয়ামালের ম্যাচের সংখ্যা অনেক বেশি। গত মৌসুমের দুর্দান্ত পারফরম‍্যান্সে ২০২৪ সালে ইতালিয়ান দৈনিক তুত্তোস্পোর্ত তাকে দিয়েছে ইউরোপের অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা ফুটবলারের পুরস্কার- গোল্ডেন বয়। 

সাম্প্রাতিক সময়ে এই পুরস্কার জেতা তিন জনের চেয়ে ১৮ বছর ছোঁয়ার আগে অনেক বেশি মিনিট খেলেছেন ইয়ামাল- ৮ হাজার ১৫৮। এই হিসাবে ২০২৩ সালে জেতা জুড বেলিংহ‍্যাম সবচেয়ে কাছাকাছি, তিনি খেলেন ৬ হাজার ২১৬ মিনিট। অন‍্য দুই জন খেলেন বেশ কম- ২০২২ সালে জেতা গাভি ৪ হাজার ১৯৫ মিনিট ও ২০২১ সালে জেতা পেদ্রি ৩ হাজার ৮১১ মিনিট।

বেলিংহ‍্যামের ওপর চাপ নিয়ে প্রায়ই উদ্বেগ প্রকাশ করা হয়। রেয়াল মাদ্রিদ ও ইংল‍্যান্ডের এই মিডফিল্ডার ক্লাব পর্যায়ে নিয়মিত খেলছেন ১৬ বছর বয়স থেকে। তবে, ২২ বছর বয়সী এই খেলোয়াড় সিনিয়র পর্যায়ে নিজের শততম ম‍্যাচটি খেলেন ১৮ বছর ১০ মাস বয়সে।   

সেখানে ১৭ বছর সাত মাস বয়সে ১০০ ম‍্যাচ খেলেন ইয়ামাল। ম‍্যাচ খেলার সেঞ্চুরির দিক থেকে তিনিই সর্বকনিষ্ঠ। আগের রেকর্ডধারী রোমেলু লুকাকুর চেয়ে চার মাস কম সময় নেন তিনি।

২০২৩ সালের এপ্রিলে ১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে রেয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার হয়ে অভিষেক হয় ইয়ামালের। এরপর থেকে চোটে খুব একটা পড়েননি তিনি; ক্লাব ও দেশের হয়ে মিস করেছেন কেবল ১৮ ম‍্যাচ। তবে ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, ক্লাবে অভিষেকের পর থেকে চোটের জন‍্য তার মাঠের বাইরে কাটানোর সময় ইতোমধ্যে ১৩৩ দিন ছুঁয়ে ফেলেছে। 

এবার বার্সেলোনার জন্য সবচেয়ে বাজে কিছুর শঙ্কা সত্যি হলে, নতুন চোটে এক মাসের মাসের মতো বাইরে থাকতে হতে পারে তাকে। তাতে আগামী ২৬ অক্টোবর রেয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম ক্লাসিকো খেলতে পারবেন না তিনি।  

জাতীয় দল ইয়ামালকে যেভাবে ব‍্যবহার করছে, তাতে মোটেও খুশি নন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। আগের আন্তর্জাতিক বিরতিতে ব্যথানাশক ইনজেকশন দিয়ে দুটি ম‍্যাচে এই তরুণকে খেলানোর কড়া সমালোচনা করেন তিনি। ঠিকমতো তার ‘যত্ন’ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বার্সেলোনা কোচ।

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে অবশ্য বার্সেলোনা কোচের অভিযোগকে আমলে নেননি।

তরুণ ফুটবলারদের নিয়ে ক্লাব ও দেশের মুখোমুখি অবস্থান নেওয়াটা অবশ্য এবারই প্রথম নয়। 

ইংল‍্যান্ডের হয়ে ১৮ বছর বয়সে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে তারকাখ‍্যাতি পেয়ে যাওয়া ওয়েইন রুনি ও মাইকেল ওয়েন নিয়মিতই ক্লাব ও দেশের হয়ে শুরুর একাদশে খেলতেন। পরবর্তীতে তারা দুই জনই স্বীকার করেছেন, চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অনেক সময়ই দ্রুত দেশের হয়ে খেলতে নেমে যেতেন তারা। 

সেই কারণেই কিনা, ওয়েন ও রুনি দুই জনই তাদের সেরা সময় পেরিয়ে যান ৩০ বছর বয়সে। 

আর্সেনাল ও লিভারপুলের সাবেক হাই-পারফরম‍্যান্স পরিচালক বার্গেস বললেন, পরিণত খেলোয়াড়দের জন‍্য সাজানো টানা ম্যাচের সূচিতে টিনএজারদের নিয়মিত খেলানো হলে এবং অনুশীলনে তাদের যুক্ত করা হলে অবশ্যই চোটের ঝুঁকি বাড়াবে। 

তাই বার্সেলোনা ও স্পেনের কোচ ও কর্তাদের ওপর অনেক দায়িত্ব তাদের খেলোয়াড়দের নিয়ে। ১৮ বছর বয়সেই ইয়ামালের পায়ে এখন পুরো বিশ্ব। তিনি হতে পারেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মতো বিশ্বসেরা তারকা। অনেক বছর ধরে শাসন করতে পারেন ফুটবল বিশ্ব। 

কিন্তু সেই সুযোগ তিনি পাবেন না, যদি ৩০ ছোঁয়ার আগেই তাকে নিঃশেষ করে ফেলা হয়।