Published : 08 Sep 2026, 04:46 PM
প্রথম কোয়ার্টারে দুই দল সমানে সমান। দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে গেল বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে ফের হলো দারুণ লড়াই। এগিয়ে থেকে চতুর্থ ও শেষ কোয়ার্টার শুরু করা বাংলাদেশকে আর আটকাতে পারল না কাজাখস্তান। জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা দুই হারের পর, প্রথম জয়ের স্বাদ পেলেন মাহাদী-তায়েবরা।
তিনজিয়ানে শুক্রবার পুল-বি এর ম্যাচে মঙ্গলবার ৪-২ গোলে জিতেছে বাংলাদেশ। বিজয়ীদের হয়ে জালের দেখা পান শিমুল ইসলাম, মাহাদী হাসান, তায়েব আলি ও মুন্না ইসলাম।
চীনের বিপক্ষে ৩-২ গোলে হেরে প্রতিযাগিতা শুরুর পর, ৪-২ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরে যায় বাংলাদেশ।
কাজাখস্তানের বিপক্ষে শুরুটা ভালো হয় বাংলাদেশের। তৃতীয় মিনিটেই শিমুলের হিটে গোলকিপার পরাস্ত হলে এগিয়ে যায় তারা। চার মিনিট পরই অবশ্য সমতায় ফিরে কাজাখস্তান।
দ্বিতীয় কোয়ার্টারে দাপুটে খেলে ফের এগিয়ে যায় বাংলাদেশ। ২৫তম মিনিটে স্কোরলাইন ২-১ করেন মাহাদী। তৃতীয় কোয়ার্টারের শুরুতে তায়েবের লক্ষ্যভেদে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ৩৬তম মিনিটে আরসেন ঝানাতের ফিল্ড গোলে ঘুরে দাঁড়ায় কাজাখস্তান।
চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নারের পর নিখুঁত ড্র্যাগ ফ্লিকে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়ান মুন্না।
পুল পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বুধবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।