২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকবার সেরা হয়ে ইতিহাসের নতুন ঠিকানায় সালাহ

গত মৌসুমের অসাধারণ পারফরম্যান্সে রেকর্ড তৃতীয়বার বর্ষসেরার স্বীকৃতি জিতলেন লিভারপুলের এই ফরোয়ার্ড।

আরেকবার সেরা হয়ে ইতিহাসের নতুন ঠিকানায় সালাহ
সালাহ ও ট্রফি, সম্পর্কটা অটুট। ছবি: পিএফএ ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 11:37 AM

Updated : 26 Aug 2026, 01:37 PM

নতুন মৌসুমের শুরুটা গোল দিয়েই করেছেন মোহামেদ সালাহ। তবে তার গত মৌসুমের অসাধারণ পারফরম্যান্সের রেশ তো রয়ে গেছে এখনও। সেই পারফরম্যান্সের পথ ধরেই তিনি পৌঁছে গেলেন নতুন উচ্চতায়। তৃতীয়বার জিতে নিলেন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) সেরা ফুটবলারের স্বীকৃতি। 

পিএফএ ‘প্লেয়ার অব দা ইয়ার’ তিনবার জিততে পারা প্রথম ফুটবলার তিনিই। ম্যানচেস্টারে মঙ্গলবার জমকালো আয়োজনে এই পুরস্কার পান ৩৩ বছর বয়সী ফুটবলার। 

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য পথচলায় লিভারপুলের শিরোপা জয়ে সালাহর ছিল বড় অবদান। ২৯ গোল করে তিনিই ছিলেন লিগের সফলতম গোলস্কোরার। পাশাপাশি সহায়তা করেছিলেন ১৮টি গোলে। 

বিশ্বের কঠিনতম লিগ হিসেবে পরিচিত আসরটিতে গত মৌসুমে চার ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করে ফেলে লিভারপুল।

দুর্দান্ত পারফরম্যান্সে প্রিমিয়ার লিগের বর্ষসেরার খেতাব আগেই জিতেছেন সালাহ। পাশাপাশি জিতেছেন সবচেয়ে বেশি গোলের জন্য ‘গোল্ডেন বুট’ ও আসরের সেরা প্লেমেকারের পুরস্কারও। একই মৌসুমে এই তিনটিই জয়ের কৃতিত্ব নেই ইতিহাসের আর কারও।

অনন্য কীর্তি গড়ে উচ্ছ্বসিত সালাহ। ছবি: পিএফএ ফেইসবুক।

অনন্য কীর্তি গড়ে উচ্ছ্বসিত সালাহ

এবার ফুটবলারদের ভোটেও সেরা হলেন তিনিই।

মিশরের ফরোয়ার্ড ২০১৭ সালে রোমা থেকে পা রাখেন লিভারপুলে। প্রথম মৌসুমের পারফরম্যান্সেই পিএফএ বর্ষসেরা খেতাব জিতে নেন তিনি ২০১৮ সালে। দ্বিতীয়বার আবার এই পুরস্কার জেতেন ২০২২ সালে।

এবার ৯২ ভোট পেয়ে সেরা হয়েছেন তিনি ছয়জনের সংক্ষিপ্ত তালিকা থেকে। লড়াইয়ে অন্যরা ছিলেন সালারহর লিভারপুল সতীর্থ আলেক্সিস মাক আলিস্তের, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফের্নান্দেস, নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাক, আর্সেনালের ডেক্লান রাইস ও চেলসির কোল পামার। 

গত মৌসুমে তার অসাধারণ পারফরম্যান্সের মধ্যেই ছিল নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তা ও টানাপোড়েন। শেষ পর্যন্ত এপ্রিলে এসে দুই বছরের নতুন চুক্তি করেন তিনি। 

প্রিমিয়ার লিগের ইতিহাসের চতুর্থ সেরা ও লিভারপুলের ইতিহাসের তৃতীয় সেরা গোলস্কোরার দারুণ উচ্ছ্বসিত তৃতীয়বার পিএফএ সেরা হয়ে।

"নিজের দিকে যখন তাকাই এখন, মিশর থেকে উঠে আসা একটি ছেলে, শীর্ষ পর্যায়ে খেলছে, আজকে ইতিহাস গড়ল.... সবকিছুতে আমি দারুণ গর্বিত।"

দুবার করে পিএফএ সেরা হয়েছেন মার্ক হিউজ (১৯৮৯ ও ১৯৯১), অ্যালান শিয়ারার (১৯৯৫ ও ১৯৯৭), থিয়েরি অঁরি (২০০৩ ও ২০০৪), ক্রিস্তিয়ানো রোনালদো (২০০৭ ও ২০০৮), গ্যারেথ বেল (২০১১ ও ২০১৩) এবং কেভিন ডে ব্রুইনে (২০২০ ও ২০২১)।

সেরা তরুণ ফুটবলার মর্গ্যান রজার্স। ছবি: পিএফএ ফেইসবুক।

সেরা তরুণ ফুটবলার মর্গ্যান রজার্স

বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন মর্গ্যান রজার্স। অ্যাস্টন ভিলার হয়ে গত মৌসুমে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। মাঝমাঠে দারুণ খেলার পাশাপাশি লিগে গোল করেছেন ৮টি। চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক।

মেয়েদের বর্ষসেরার খেতাব জিতেছেন মারিয়োনা কালদেন্তেই। গত মৌসুমে আর্সেনালের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন স্প্যানিশ এই মিডফিল্ডার। ফেভারিট বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে গোল করেন তিনি আটটি।

মেয়েদের ‘ইয়াং প্লেয়ার অব দা ইয়ার’ হয়েছেন লিভারপুলের অলিভিয়া স্মিথ। কানাডার ২১ বছর বয়সী ফরোয়ার্ড গত মৌসুমে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন। নতুন মৌসুমে ১০ লাখ পাউন্ডে আর্সেনালে নাম লিখিয়ে তিনি গড়েছেন ইতিহাস। তাকে দিয়েই মেয়েদের ফুটবলে ট্রান্সফার ফি প্রথমবার স্পর্শ করেছে সাত অঙ্ক। 

পিএফএ বর্ষসেরা একাদশে লিভারপুলের আছেন চার ফুটবলার। ২০১৭ সালের পর প্রথমবার সেরা একাদশে নেই ম্যানচেস্টার সিটির কেউ।