বাড়তে পারে ইয়ামালের ফেরার অপেক্ষা
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ও লা লিগায় রেয়াল মাদ্রিদ ম্যাচের আগে এই তরুণ সেনসেশনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বার্সেলোনা।
চোটের জন্য লামিনে ইয়ামালের মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। লা লিগায় সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার স্প্যানিশ এই উইঙ্গারের খেলা নিয়ে জেগেছে শঙ্কা।
আন্তর্জাতিক বিরতি শেষে আগামী রোববার সেভিয়া ম্যাচ দিয়ে পুনরায় লিগের লড়াই শুরু করবে বার্সেলোনা। কাতালান ক্লাবটি জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তরুণ সেনসেশন।
গত শনিবার স্পেনের হয়ে নেশন্স লিগে ম্যাচে এই চোট পান ইয়ামাল। ঘরের মাঠে ডেনমার্ককে ১-০ গোলে হারানো ম্যাচের ৯৩তম মিনিটে তাকে তুলে নেন স্পেন কোচ।
ম্যাচে ডেনিশ খেলোয়াড়দের বেশ কয়েকটি কড়া ট্যাকলের শিকার হন ইয়ামাল। ম্যাচ শেষে টিম বাসে যাওয়ার সময় খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় ১৭ বছর বয়সী তারকাকে।
মাদ্রিদে পরদিন এমআরআই স্ক্যান করানো হয় ইয়ামালের। পরীক্ষার পর তার পেশিতে টান লাগার কথা জানায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তাতে মঙ্গলবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যান তিনি।
গত রোববারই বার্সেলোনায় ফিরে যান ইয়ামাল। সোমবার ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে তার পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরে বার্সেলোনা এক বিবৃতিতে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগার বিষয়টি জানায়।
“আজ (সোমবার) সকালে মূল দলের খেলোয়াড় লামিনে ইয়ামালের পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। সেরে ওঠার সময়ের ওপর নির্ভর করবে তার অনুশীলনে ফেরার বিষয়।”
সপ্তাহান্তে সেভিয়া ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারবেন কিনা জানেন না ইয়ামালও, “আমি স্রেফ আমার সেরে ওঠার কথা ভাবছি।”
সেভিয়া ম্যাচের তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর আগামী ২৭ অক্টোবর মৌসুমের প্রথম ক্লাসিকোয় রেয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে তারা।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনকে বার্সেলোনার এক সূত্র জানিয়েছে, মহাগুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের আগে ইয়ামালকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তারা।
