২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫-০ গোলে জিতে ফ্লিক জানালেন, নতুন স্ট্রাইকারের খোঁজ চলছে

বড় জয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করলেও একজন স্ট্রাইকার দলে নেওয়ার তাড়না আছে বার্সেলোনা কোচের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 01:37 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু হয়েছে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে। তবে গোল করার লোকের অনুসন্ধান থামেনি বার্সেলোনার। কোচ হান্সি ফ্লিক জানালেন, নতুন স্ট্রাইকার দলে নেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তারা।

এলচেকে ৫-০ গোলে বিধ্বস্ত করে রোববার লা লিগা অভিযান শুরু করেছে বার্সেলোনা। 

৯ নম্বরের ভূমিকায় খেলে দুটি গোল করেন রাফিনিয়া, আরও দুটি করেন ফের্মিন লোপেস। নতুন ক্লাবে অভিষেকে গোলের দেখা পান কারিম আডেইয়েমি। 

আক্রমণভাগের এমন দুর্দান্ত শুরুর পরও ঘাটতির জায়গা দেখছেন ফ্লিক। এই মৌসুমে ক্লাব ছেড়ে যাওয়া রবের্ত লেভানদোফস্কি ও ফেররান তরেসের একজন উপযুক্ত বদলি চায় ক্লাবটি। তাদের প্রথম পছন্দ হুলিয়ান আলভারেস। তবে এই আর্জেন্টাইনকে না ছাড়তে অনড় আতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনা তাই খুঁজছে অন্য বিকল্প।

ফ্লিক এর মধ্যে বেশ কবারই বলেছেন, নতুন স্ট্রাইকার নিতে চান তারা। এলচেকে হারানোর পরও বললেন, এটা নিয়েই আবার কথা বলবেন ক্লাবে ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গে।

“এই ম্যাচের পর আমরা কথা বলব (একজন স্ট্রাইকার দলে নেওয়া প্রসঙ্গে)। এটা পরিষ্কার ব্যাপারই, কারণ ডেকো এবং আমি প্রায়ই কথা বলি আমরা কী করতে পারি এবং কী গুরুত্বপূর্ণ, সবকিছু নিয়ে। আমরা (আপাতত) অপেক্ষা করছি।”

শুরুর ম্যাচের পারফরম্যান্সে অবশ্য তৃপ্ত ফ্লিক। এতগুলো গোল করে ও কোনো গোল না খেয়ে উচ্ছ্বসিত বার্সেলোনা কোচ। 

“৫-০ গোলে জিতে ও তিন পয়েন্ট পেয়ে আমরা খুশি। আমাদের জন্য এটি দুর্দান্ত শুরু। পরের ম্যাচগুলোর জন্য এটি আমাদের প্রয়োজনীয় আত্মবিশ্বাস জোগাবে। শেষ পর্যন্ত আমরা কোনো গোল হজম করিনি, আমরা খুব ভালোভাবে রক্ষণ সামলেছি, এটা অসাধারণ। 

এই দলের বিপক্ষে পাঁচ গোল করাও খুব ভালো ব্যাপার। এলচে ভালো ফুটবল খেলে, তারা খুব সাহসী। তারা আমাদের যে জায়গাগুলো দিয়েছিল, আমরা সেগুলো ব্যবহার করতে চেয়েছিলাম এবং বিশেষ করে খেলোয়াড় বদলের পর আমরা তা খুব ভালোভাবে করতে পেরেছি।”