২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ফুটবলার আনতে গার্নাচো-আন্তোনিদের চলে যাওয়ার অপেক্ষা করবে না ইউনাইটেড

‘এটা আদর্শ ব্যাপার নয় যে, এই খেলোয়াড়রা চলে যাবে এবং তারপর আমরা অন্য খেলোয়াড়কে পাব’, বললেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন অ্যামুরি।

নতুন ফুটবলার আনতে গার্নাচো-আন্তোনিদের চলে যাওয়ার অপেক্ষা করবে না ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন অ্যামুরি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 10:45 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাওয়া ফুটবলারদের কয়েকজন এখনও খুঁজে পাননি নতুন ঠিকানা। তবে কোচ হুবেন অ্যামুরি বলছেন, নতুন খেলোয়াড় কিনতে তাদের চলে যাওয়ার অপেক্ষা করবে না ক্লাব। 

গত জুলাইয়ে ইউনাইটেড জানিয়েছিল, পাঁচ জন খেলোয়াড় ক্লাব ছেড়ে যেতে চান। তাদের মধ্যে মার্কাস র‍্যাশফোর্ড ধারে যোগ দেন বার্সেলোনায়। কিন্তু আলেহান্দ্রো গার্নাচো, আন্তোনি, টাইরেল মালাসিয়া ও জেডন স্যানচো এখনও রয়ে গেছেন।

এই চার জনকে বাদ দিয়ে গত সপ্তাহে আর্সেনালের বিপক্ষে ম্যাচের স্কোয়াড সাজান অ্যামুরি। ম্যাচটি ১-০ গোলে হেরে প্রিমিয়ার লিগ শুরু করে ম্যানচেস্টারের দলটি।

লিগে পরের ম্যাচে রোববার ফুলহ্যামের মুখোমুখি হবে ইউনাইটেড। তার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে অ্যামুরি বললেন, বর্তমান পরিস্থিতি ওই খেলোয়াড়দের জন্য আদর্শ নয়। 

“আমি জানি খেলোয়াড়দের এই পরিস্থিতিতে থাকা ভালো নয়। তবে এটা স্পষ্ট যে, তারা অন্য ক্লাবে খেলতে চায়। এটা আদর্শ ব্যাপার নয় যে, এই খেলোয়াড়রা চলে যাবে এবং তারপর আমরা অন্য খেলোয়াড়কে পাব। আমরা জানি না কী হবে, কিন্তু অন্য খেলোয়াড়কে আনার জন্য আমরা কারো চলে যাওয়ার অপেক্ষা করছি না।”

চলতি গ্রীষ্মের দলবদলে এরই মধ্যে প্রায় ২০ কোটি পাউন্ড খরচ করে ফেলেছে ইউনাইটেড। বেনিয়ামিন শেশকো, মাতেউস কুইয়া ও ব্রায়ান এমবুমোকে দলে যোগ করে আক্রমণভাগের শক্তি বাড়িয়েছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।

দলবদলের সময় শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর।