Published : 29 Aug 2026, 03:40 PM
বাহডলে বাহকোলাকে প্রিমিয়ার লিগে আনতে পিএসজির সঙ্গে একটি চুক্তিতে রাজি হয়েছে লিভারপুল। ফরাসি ফরোয়ার্ডকে পেতে তাদের ১২ কোটি ৩০ লাখ পাউন্ড খরচ হতে পারে।
বিবিসি বলেছে, একটি প্যাকেজের অধীনে ১০ কোটি ৬০ লাখ পাউন্ড দেবে লিভারপুল। এর সঙ্গে যুক্ত হতে পারে আরও ১ কোটি ৭০ লাখ পাউন্ড।
এই সপ্তাহান্তেই মেডিকেল হতে পারে ২৩ বছর বয়সী তারকার। অ্যাথলেটিকের খবর অনুযায়ী, চুক্তির মেয়াদ হবে পাঁচ বছর।
ডান পায়ের ফুটবলার বাহকোলা লেফট উইংয়ে খেলতে পছন্দ করেন। তিনি এলে অ্যানফিল্ডে কোডি গাকপোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে।
অলিম্পিক লিঁও থেকে ২০২৩ সালে পিএসজিতে যোগ দেন বাহকোলা। রাজধানীর ক্লাবটিতে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লিগ শিরোপা ও দুটি ফরাসি কাপ জিতেছেন তিনি।
পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫২ ম্যাচ খেলেছেন বাহকোলা। ৩৯ গোল করেছেন তিনি, অবদান রেখেছেন ৩৭ গোলে। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হতে এখনও দুই বছর বাকি।
আন্দোনি ইরাওলা কোচ হয়ে আসা পর লিভারপুলে এরই মধ্যে যোগ দিয়েছেন রোনাল্দ আরাউহো, জুরেমি জেকে ও ভিক্তর মুনিয়োস।
প্রিমিয়ার লিগে শনিবার নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে লিভারপুল।