২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপের জোড়া গোল, জয়ে ফিরল রেয়াল মাদ্রিদ

রায়ো ভাইয়েকানোর বিপক্ষে প্রথম ৩৫ মিনিটে তিন গোল করলেও দ্বিতীয়ার্ধের অনেকটা সময় পর্যন্ত ছন্দহীন ফুটবল খেলে জুজে মরিনিয়োর দল।

এমবাপের জোড়া গোল, জয়ে ফিরল রেয়াল মাদ্রিদ
এবারের লা লিগায় পাঁচ ম্যাচে ছয় গোল করলেন কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2026, 03:03 AM

Updated : 17 Sep 2026, 02:59 AM

প্রথমার্ধে দারুণ আক্রমণাত্মক খেলে ৩৫ মিনিটেই তিন গোল করল রেয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধের অনেকটা সময় পর্যন্ত তারাই উপহার দিল ছন্দহীন ফুটবল। দুর্দান্ত কয়েকটি সেভ করে দলকে বাঁচালেন তিবো কোর্তোয়া। শেষ দিকে আরেকটি গোল করে অবশ্য বড় জয় নিয়েই মাঠ ছাড়ল জুজে মরিনিয়োর দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার লা লিগার ম্যাচে রায়ো ভাইয়েকানোকে ৪-১ গোলে হারিয়েছে প্রতিযোগিতাটির সফলতম দলটি।

ছন্দে থাকা কিলিয়ান এমবাপে করেন জোড়া গোল। একটি অ্যাসিস্টও করেন তিনি। রেয়ালের অন্য দুই গোলদাতা আলভারো কারেরাস ও জুড বেলিংহ্যাম। ভাইয়েকানোর একমাত্র গোলটি করেন সের্হিও কামেয়ো।

এবারের লা লিগায় প্রথম তিন ম্যাচে জয়ের পর, রেয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় রেয়াল। পরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারায় তারা। এবার ঘরোয়া লিগে জয়ে ফিরল মাদ্রিদের দলটি।

পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে উঠেছে রেয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে বার্সেলোনা, গত দুইবারের লিগ চ্যাম্পিয়নরা একটি ম্যাচ কম খেলেছে।

সপ্তম মিনিটে প্রথম ভাইয়েকানোর রক্ষণে ভীতি ছড়াতে পারে রেয়াল মাদ্রিদ। দারুণ নৈপুণ্যে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন এমবাপে, প্রতিপক্ষের চ্যালেঞ্জে পড়ে গেলে পেনাল্টির আবেদন জানান তিনি, তবে রেফারির সাড়া মেলেনি।

ত্রয়োদশ মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়া আলভারো কারেরাস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজাতে দেরি করেননি রেফারি। ঠাণ্ডা মাথার স্পট-কিকে দলকে এগিয়ে নেন এমবাপে। 

এর তিন মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে রেয়াল। একটু আগে পেনাল্টি আদায় করে নেওয়া কারেরাস এবার নাম লেখান স্কোরশিটে। বক্সে এমবাপের সঙ্গে দারুণভাবে বল দেওয়া-নেওয়া করে জাল খুঁজে নেন তিনি।

রেয়ালের প্রথম ও দ্বিতীয় গোলের মধ্যে ব্যবধান ছিল দুই মিনিট ৫৫ সেকেন্ড।

২৪তম মিনিটে বক্সের বাইরে থেকে ভিনিসিউস জুনিয়রের জোরাল শট ঝাঁপিয়ে ঠেকান ভাইয়েকানো গোলরক্ষক। বল তখনও বিপদমুক্ত হয়নি, ছুটে যান এমবাপে, তবে বলটি গোললাইন থেকে দূরে ঠেলে দেন গোলরক্ষক। 

প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে ৩৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে রেয়াল। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে চমৎকার পাস দেন ভিনিসিউস, আর প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন বেলিংহ্যাম।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সের বাইরে থেকে এমবাপের জোরাল শট গোলরক্ষককে পরাস্ত করলেও, পোস্টে লাগে বল। একটু পর ৩০ গজ দূর থেকে ভাইয়েকানোর পেদ্রো দিয়াসের বুলেট গতি শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন কোর্তোয়া।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে দুর্ভাগ্যের ফেরে গোল পায়নি ভাইয়েকানো। বক্সের বাইরে থেকে দিয়াসের শট পোস্টে লাগে। পরক্ষণে বক্সের বাইরে থেকেই আদ্রিয়া পেদ্রোসের শট অল্পের জন্য বাইরে দিয়ে যায়।

৫১তম মিনিটে জাল আর অক্ষত রাখতে পারেনি রেয়াল। রক্ষণের দুর্বলতায় গোলটি হজম করে তারা। আন্টোনিও রুডিগার পাস দেন ভিনিসিউসের উদ্দেশে, কিন্তু এই ব্রাজিলিয়ান তারকার পেছন থেকে ছুটে গিয়ে পায়ের টোকায় বল বক্সে বাড়ান ভাইয়েকানোর এক খেলোয়াড়, আর জালে পাঠান কামেয়ো। 

এই অর্ধে ভালো খেলতে পারছিল না রেয়াল, বরং তাদের রক্ষণে বারবার ভীতি ছড়াতে থাকে ভাইয়েকানো। ৫৫তম মিনিটে ফ্লোরিয়ানের নিচু শট ঠেকিয়ে দেন কোর্তোয়া।

১০ মিনিট পর আরেকটি দুর্দান্ত সেভ করেন রেয়ালের বেলজিয়ান গোলরক্ষক। বক্সের বাইরে থেকে জর্জির শট রুখে দেন তিনি। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকে দলের ছন্দহীন খেলা দেখে তখন দুয়ো দিতে থাকে রেয়ালের সমর্থকদের একটা অংশ।

৭২তম মিনিটে ইয়ান ডিওমান্ডেকে তুলে আর্দা গুল্যারকে নামান মরিনিয়ো। তাতে রেয়ালের খেলায়ও প্রাণ ফেরে আবার।

৭৮তম মিনিটে গুল্যারের ক্রসে কাছ থেকে রুডিগারের হেড দারুণ নৈপুণ্যে বল বাইরে পাঠান ভাইয়েকানো গোলরক্ষক। দুই মিনিট পর গুল্যারের শটও ঠেকিয়ে দেন তিনি। ৮৩তম মিনিটে রুখে দেন এমবাপের আরেকটি ভলি।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। গুল্যারের পাস বক্সে পেয়ে নিচু শটে জালে পাঠান ফরাসি তারকা।

এবারের লা লিগায় এমবাপের গোল হলো ছয়টি, আর মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে সাতটি।