১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘এই গ্রহের সবচেয়ে আন্ডাররেটেড ফুটবলার ভালভের্দে’

বছরে পর বছর ধরে দুর্দান্ত পারফর্ম করেও ফেদে ভালভের্দে প্রাপ্য মূল্যায়ন পান না, বললেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার–আর্নল্ড।

‘এই গ্রহের সবচেয়ে আন্ডাররেটেড ফুটবলার ভালভের্দে’
বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড ফুটবলার? ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 04:55 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

বিশ্বের সেরা ফুটবলারদের নাম বলতে গেলে এই নামটি খুব একটা আসে না। বিশ্বের সেরা মিডফিল্ডারদের তালিকা করা হলেও শুরুর দিকে তার নামটি সবসময় থাকে না। কিন্তু রেয়াল মাদ্রিদের জন্য ফেদে ভালভার্দে কতটা গুরুত্বপূর্ণ, সেটা তো এই দল জানে! তার শ্রেষ্ঠত্বও তাই মেনে নেয় সতীর্থরা। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড যেমন বলছেন, বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার ভালভের্দে।

ভালভের্দে এমনিতে সেই ফুটবলারদের একজন, যিনি আড়াল থেকে ম্যাচের পর ম্যাচ নিজের কাজটি করে যান। পাদপ্রদীপের আলো যাদের ওপর বেশি পড়ে না, এসব নিয়ে যারা খুব একটা ভাবিতও নন। তবু কোনো কোনো ম্যাচ আসে, যখন তারাই হয়ে ওঠেন মধ্যমণি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে ভালভের্দে যেমন দেখালেন।

চ্যাম্পিয়ন্স লিগে অনেক বছরের মধ্যে এক ম্যাচে কোনো মিডফিল্ডারের সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স সম্ভবত এটিই। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন এই ম্যাচে এবং প্রতিটি গোলই দেখার মতো, বিশ্বের সেরা স্ট্রাইকারও এসব গোল দেখে গর্ব করতে পারে। তবে শুধু গোলই নয়, ম্যাচজুড়ে গোটা মাঠ দাপিয়ে বেরিয়েছেন, অসাধারণ পারফরম্যান্সে দলকে এনে দিয়েছেন ৩-০ গোলের জয়।

ম্যাচের পর সিবিএস স্পোর্টসকে অ্যালেকজ্যান্ডার আর্নল্ড বললেন, প্রাপ্য মূল্যায়ন খুব কম সময়ই করা হয় ভালভের্দেকে। 

“আমার মনে হয়, সে এই গ্রহের সবচেয়ে আন্ডাররেটেড ফুটবলার এবং অনেক বছর ধরেই আছে। এমনকি যখন এখানে ছিলাম না আমি, তখনও তার খেলার প্রবল প্রশংসা করেছি। কোনো খুঁত নেই সেখানে, এমন কিছু নেই যে সে পারে না।”

“যে প্রাণশক্তি এবং যা কিছু সে দলে বয়ে আনে, সবকিছুই অপরিসীম। সে কখনও আক্ষেপ-অভিযোগ করে না, নিজের সীমানা বাড়ানোর চেষ্টা করে ম্যাচের পর ম্যাচ। অবিশ্বাস্য বৈশিষ্ট্য এসব। লোকে স্বীকার করুক বা না করুক, নিশ্চিতভাবেই সে বিশ্বের শীর্ষ মিডফিল্ডারদের কাতারে আছে এবং বছরের পর বছর ধরেই আছে।”

ভালভের্দের আড়ালে থাকার একটি কারণ, ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা এমনিতে খুব জাঁকালো বা চোখে পড়ার মতো নয়। তবে শুধু এটিই একমাত্র কারণ নয়। নিজের সহজাত পজিশনে যে অনেক সময়ই খেলা হয়ে ওঠে না তার। দলের প্রয়োজনে রাইটব্যাক হিসেবে খেলেছেন তিনি ম্যাচের পর ম্যাচ। খেলেছেন আরও নানা পজিশনে। 

রেয়ালের ভারপ্রাপ্ত কোচ আলভারো আরবেলোয়া তুলে ধরলেন সেটিই। ভালভার্দেকে তুলনা করলেন তিনি ক্লাবের কিংবদন্তি ও আইকনদের একজন হুয়ানিতোর সঙ্গে।

“যেখানেই তাকে খেলানো হোক, কোনো সমস্যা নেই। আমার মতে সে একবিংশ শতাব্দির হুয়ানিতো, মাদ্রিদিসমোর মানদণ্ড। একজন মাদ্রিদ ফুটবলারের যেমন হওয়া উচিত, সবটুকু্ই সে। এরকম একটি রাত তার প্রাপ্য ছিল, আমি নিশ্চিত সে কখনোই ভুলবে না এটি।”

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ভালভের্দে যে ভূমিকায় খেলেছেন, খুব কম সময়ই তাকে এই ভূমিকায় দেখা যায়। কোচ আরবেলোয়া সেটিই তুলে ধরলেন। 

“আমরা চেয়েছিলাম, ফেদে আরও বেশি আগ্রাসী হোক এই ম্যাচে, ম্যান সিটির রক্ষণভাগে হানা দিক। সে অসাধারণ চেষ্টা করেছে, ট্রেন্টকে রক্ষণে সহায়তা করেছে, তিনটি গোল করেছে নিজে… স্মরণীয় এক ম্যাচ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে কীভাবে নিজেকে উপস্থাপন করে, সতীর্থদের জন্য সে কতটা…।”