লোকে ‘হাসলেও’ এই দল নিয়ে আশাবাদী বাটলার
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে দল হেরে যাওযায় কিছু মানুষ হাসবে এবং রসিকতা করবে বলে তীর্যক মন্তব্য করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ।
প্রতিকূল স্রোতে যাত্রার শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে গেছেন আফঈদা-রিপারা। স্বাভাবিকভাবেই হতাশ কোচ পিটার জেমস বাটলার। তবে এই নতুনদের কাঁধে সওয়ার হয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ব্যাপারে দারুণ আশাবাদীও এই ইংলিশ কোচ।
আরব আমিরাত সফরে বুধবার প্রথম প্রীতি ম্যাচে ৩-১ গোলে হারে বাংলাদেশ। দলের একমাত্র গোলদাতা আফঈদা খন্দকার। হারের ক্ষতে অবশ্য প্রলেপ দেওয়ার সুযোগ আছে মেয়েদের সামনে। আগামী রোববার মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ।
অনেক টানাপোড়েনের মাঝে ‘বিদ্রোহী’ ১৮ ফুটবলারকে ছাড়াই নতুনদের নিয়ে দল গড়তে হয় বাটলারকে। বর্তমান দলে ২০২৪ সাফ জয়ী দলের কেবল আট জন, বাকিরা অনূর্ধ্ব-২০ দলের বা একেবারেই নতুন।
এই নতুনদের নিয়ে ঢাকায় সপ্তাহ তিনেকের প্রস্তুতি এবং এরপর লম্বা ভ্রমণ শেষে দুবাই পৌঁছে মাত্র এক দিনের অনুশীলনের সুযোগ মেলে। বলতে গেলে কোনো কিছুই বাটলারের অনূকূলে ছিল না। তবে হারের পেছনে কোনো অজুহাত খুঁজছেন না তিনি।
“যেভাবে আমরা শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলেছি, তাতে আমি খুশি। তাদের লং পাসের খেলায় আমাদের ভুগতে হয়েছে। আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম। তবে এটা নিয়ে আমি দুঃখ করতে চাই না। আমি বাস্তব জগতে থাকি। যারা ম্যাচটি দেখেছে, তারা বলবে, সংযুক্ত আরব আমিরাতকে আমরা (অনেকক্ষেত্রে) ছাপিয়ে গিয়েছি। দলের পারফরম্যান্সে খুশি আমি।”
“যেকোনো ম্যাচ হেরে যাওয়া হতাশার। আগেও বলেছি, মাঠে নামার মধ্যে দিয়েই এই মেয়েদের নৈতিক জয় হয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, যেভাবে মেয়েরা খেলেছে, অসাধারণ। দারুণ ফুটবল খেলেছে তারা।”
নতুন এই দল নিয়ে যাদের উষ্মা, শঙ্কা আছে, নাম উল্লেখ না করে তাদেরও ধুয়ে দিয়েছেন বাটলার। বরাবরের মতোই আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, এই দল টিকবে অনেক দিন।
“আমার মনে হয়, নির্দিষ্ট কিছু মানুষ (এই হারে) হাসবে এবং রসিকতা করবে…কিন্তু আমি সবসময় বিশ্বাস করি, এই দল অনেক দিন টিকবে। (এই সফরে) আমি মনে করি, জয়টা মূখ্য নয়, উন্নতি করাটা গুরুত্বপূর্ণ। পরবর্তী সাফের জন্য দল গড়ে তোলা এবং এএফসির প্রতিযোগিতার দিকে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ।”
মাঠে বসে খেলা দেখেছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনিও বলেছেন পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা।
“ফুটবল তো গোলের খেলা, সেখানে আমরা হেরেছি। কিন্তু একটা ফ্রেশ (নতুন) দল হিসেবে তারা দারুণ ফুটবল খেলেছে এবং এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেবল আমি নই, যারা সম্মানিত অতিথী ছিলেন, দর্শক যারা মাঠে এসেছিলেন, তারা মেয়েদের খেলা উপভোগ করেছেন। কিছু কিছু জায়গায় হয়তো আমাদের উন্নতি করতে হবে, যেটা নিশ্চয় কোচ দেখভাল করবেন।”
