‘৫ বছরের’ জন্য ইউনাইটেডে আন্তোনি
প্রিমিয়ার লিগের ইতিহাসে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় হতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে সবকিছু একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। সেটিও এবার হয়ে গেল। ব্রাজিলিয়ান উইঙ্গার আন্তোনিকে দলে টানতে তার বর্তমান ক্লাব আয়াক্সের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
দুই ক্লাবই মঙ্গলবার বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, চুক্তিটা হচ্ছে পাঁচ বছরের। সঙ্গে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে।
আয়াক্সের দেওয়া তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সী এই ফুটবলারকে পেতে প্রাথমিকভাবে ইউনাইটেডের খরচ হচ্ছে ৯ কোটি ৫০ লাখ ইউরো। বিভিন্ন ফি বাবদ অঙ্কটা ১০ কোটি ইউরো পর্যন্ত হতে পারে।
প্রিমিয়ার লিগের ইতিহাসে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় হতে যাচ্ছেন তিনি।
২০২০ সালে ব্রাজিলের ক্লাব সাও পাওলো থেকে আয়াক্সে যোগ দেওয়ার পর দলটির হয়ে এখন পর্যন্ত ৮২ ম্যাচ খেলে আন্তোনি গোল করেছেন ২৫টি, অ্যাসিস্ট ২২টি। ইউনাইটেডের বর্তমান কোচ এরিক টেন হাগের কোচিংয়ে ডাচ ক্লাবটিতে খেলেছেন তিনি।
আক্রমণভাগে নতুন শক্তি যোগ করতে অনেক দিন ধরেই আন্তোনির ওপর নজর ইউনাইটেডের। কদিন আগে গণমাধ্যমের খবরে বলা হয়, ক্লাবটি বড় অঙ্কের প্রস্তাব দিলেও আয়াক্স তাকে ছাড়তে রাজি হয়নি। তবে পরে আন্তোনি নিজেই জানিয়ে দেন, নতুন চ্যালেঞ্জ নিতে দল ছাড়তে চান তিনি। তারপরই তার দলবদলের প্রক্রিয়া জোর মাত্রা পায়।
আয়াক্সে গত মৌসুমটা অসাধারণ কাটে তার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে ১২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ১০টি। দলের টানা তৃতীয় লিগ শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেও উঠেছিল তারা।
গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় আন্তোনির। এখন পর্যন্ত জাতীয় দলের হয় ৯ ম্যাচ খেলে ২টি গোল করেছেন গতিতে প্রতিপক্ষের রক্ষণকে ভেঙে দিতে সক্ষম এই তরুণ।
চলতি গ্রীষ্মের দলবদলে ইউনাইটেডে যোগ দেওয়া পঞ্চম খেলোয়াড় হচ্ছেন তিনি। এর আগে আয়াক্স থেকে তার সাবেক সতীর্থ ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার কাসেমিরো, ফেইনুর্ডের ফুল-ব্যাক তাইরেল মালাসিয়া ও ডেনিশ মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেনকে ফ্রি ট্রান্সফারে দলে টানে ক্লাবটি।
