‘মার্কস তো ওরাই দিয়েছে’, প্রাণোচ্ছল হাসিতে বললেন সাবিনা
আগামী দিনগুলোতেও ম্যাচের ভাগ্য গড়ে দিতে চান বাংলাদেশের এই তারকা ফরোয়ার্ড।
ইস, যদি ৬১তম মিনিটের শটটা খুঁজে পেত ঠিকানা! হ্যাটট্রিকের আনন্দে ভাসতে পারতেন সাবিনা খাতুন। তাই না পাওয়ার কিছুটা অতৃপ্তি ঠিকই আছে, কিন্তু প্রাপ্তির হিসাবটা যে বাংলাদেশ অধিনায়ক মিলিয়ে নিলেন অন্যভাবে; ম্যাচসেরার স্বীকৃতির দিকে তাকিয়ে!
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে সামনে পেলে সাবিনা যেন জোড়া গোল করবেনই! ২০১৪ সালে ইসলামাবাদের আসরে বাংলাদেশের ৩-১ ব্যবধানের জয়ে দুই গোল করেছিলেন। দুই বছর পর শিলিগুঁড়ির আসরে মালদ্বীপের জালে বাংলাদেশের গোল ৬টি, সাবিনার ২টি। নেপালের কাঠমান্ডুতেও যথারীতি পেলেন দুই গোল।
দশরথ স্টেডিয়ামে বুধবার গোলের জন্য যখন বাংলাদেশ হাঁসফাঁস করছিল, সাবিনা তখন দুর্দান্ত শটে খুলে দিলেন গোলের বদ্ধ দুয়ার। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড জানালেন অমন শট নেওয়ার ভাবনা কীভাবে এসেছিল মনে।
“আমরা যখন খেলছিলাম, তখন ২০-২৫ মিনিট পরই মনে হয়েছিল দূর থেকে হয়তো শট নিলেই কাজে দেবে। মাসুরাও এভাবে বেশ কয়েকবার চেষ্টা করেছে, আঁখিও, সানজিদাও করেছে। ফাইনালি আমার মনে হয়েছে, দূর থেকে চেষ্টা করে দেখি কী হয়।”
গোলটাও হয়েও গেল এবং এগিয়ে গেল বাংলাদেশ। দুই মিনিট পর মাসুরা পারভীন সুযোগ সন্ধানী শটে ব্যবধান দ্বিগুণ করলেন। ৪০তম মিনিটে আলগা বল পেয়ে আবারও ঝলক দেখালেন সাবিনা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ককে ‘গেম চেঞ্জার’ আখ্যা দিয়ে গেলেন মালদ্বীপ কোচ আহমেদ শরীফ।
বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উঠলে সাবিনা প্রতিশ্রুতি দিলেন আগামীতেও থাকতে চান একই ভূমিকায়। গড়ে দিতে চান ম্যাচের ভাগ্য।
“ইনশাল্লাহ ফিটনেস যতদিন ধরে রাখতে পারব, ততদিন গেম চেঞ্জার থাকব। এই টুর্নামেন্টেও তাই হতে চাই।”
সতীর্থদের প্রশংসায়ও সাবিনা হলেন পঞ্চমুখ। ২০১৯ সালে নেপালের বিরাটনগরের সাফের সেমি-ফাইনাল থেকে ছিটকে যাওয়া দলের চেয়ে বর্তমান দলটাকে এগিয়ে রাখলেন সাবিনা। কোচের মতো ফিনিশিং নিয়ে কাজ করার প্রয়োজন অনুভব করার কথাও জানালেন।
“এই টুর্নামেন্টে তো অবশ্যই আমরা একটা লক্ষ্য নিয়ে এসেছি, এবং সেটা শুধু আমি না…যখন আমরা গত বছর সেপ্টেম্বরে এখানে এসে নেপালে এসেছিলাম, তাদের বিপক্ষে ৯০ মিনিট যেভাবে খেলেছিলাম, তা দেখে এখানকার মানুষও মুগ্ধ হয়ে গিয়েছিল। আমি খুব আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, বাকি দলগুলোর চেয়ে আমাদের মেয়েরা অনেক ফিট।”
“প্রথমত সেমি-ফাইনালে যাওয়ার জন্য এ ম্যাচটা জেতা আমাদের জন্য জরুরি ছিল। অবশ্যই আমাদের কিছু কিছু ক্ষেত্রে কমতি ছিল। আমরা গোলের অনেকগুলো ভালো সুযোগ পেয়েছি, কিন্তু কাজে লাগাতে পারিনি। ম্যাচ জিতেছি বলে অবশ্যই খুশি, তবে আমাদের যে কমতিগুলো আছে, কোচেরা সেগুলো নিয়ে কাজ করবেন। আসলে প্রথম ম্যাচে আমাদের লক্ষ্য ছিল যে কোনোভাবে জেতা, সে লক্ষ্য নিয়েই আমরা নেমেছিলাম এবং লক্ষ্য পূরণ করেই মাঠ থেকে এসেছি।”
কিন্তু মালদ্বীপের বিপক্ষে হ্যাটট্রিকের ব্যক্তিগত চাওয়াটা যে পূরণ হলো না, যেটা সাবিনা পাওয়ার আশা নেপালে এসে প্রস্তুতির ফাঁকে কয়েকবারই বলেছেন । সে প্রসঙ্গ উঠতে অধিনায়কসুলভ উত্তরই দিলেন তিনি।
“আসলে আমার কাছে দল এবং কোচদের আলাদা একটা প্রত্যাশা থাকেই। যখন তারা আমাকে তাদের ভরসার জায়গা মনে করে, তখন আমি এই দিকটাতে (গোল করার) আরও মনোযোগ দেই। গোলের সুযোগ পেয়েছি, সেটা কাজেও লাগিয়েছি। হ্যাটট্রিক হলে ভালো লাগত। তবে দল জিতেছে, এটাই মূল কথা।”
ততক্ষণে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষ। প্রথম ম্যাচেই ৩ পয়েন্ট পাওয়ার তৃপ্তি নিয়ে বেরিয়ে যাচ্ছেন সাবিনা। তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে প্রশ্ন-হ্যাটট্রিক পাননি, তাহলে ১০ এর মধ্যে নিজেকে কত মার্কস দেবেন?
প্রাণোচ্ছল হাসিতে অধিনায়কের উত্তর, “মার্কস তো ওরাই দিয়ে দিয়েছে। ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার।”
