রোমাঞ্চ নিয়ে ফ্র্যাঞ্চাইজি যুগে প্রবেশের অপেক্ষায় হকি
ছয় অধিনায়কই দিলেন সুন্দর হকি উপহার দেওয়ার প্রতিশ্রুতি।
নীল টার্ফে বসানো বেদি, তার উপর রাখা ট্রফি ঘিরে ছয় অধিনায়ক। ফটোসেশন শেষে ছয় অধিনায়কেরা মেলে ধরলেন হকি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজেদের ভাবনা, লক্ষ্য। উপভোগ্য হকি মেলে ধরার লক্ষ্য সবারই।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় একমি চট্টগ্রাম ও সাইফ পাওয়ার গ্রুপ খুলনার ম্যাচ দিয়ে ফ্র্যাঞ্জাইজি যুগে প্রবেশ করবে বাংলাদেশের হকি। দিনের অন্য ম্যাচে রাত সোয়া ৮টায় মুখোমুখি হবে রূপায়ন সিটি কুমিল্লা ও মোনার্ক পদ্মা।
সেপ্টেম্বরের শেষ দিকে লোগো উন্মোচনের পর থেকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকির এই আসর নিয়ে খেলোয়াড়, কোচদের মধ্যে কাজ করছে অন্যরকম রোমাঞ্চ। ব্যস্ত সময় কাটছে হকি ফেডারেশনের কর্মকর্তাদেরও। শেষ দিকে এসে ফ্ল্যাড লাইটে খেলা হবে কিনা, তা নিয়ে দোটানার শুরু।
বিদ্যুৎ সংকটের কারণে ফ্লাড লাইটে খেলা আয়োজন না করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে নির্দেশনা ছিল। বৃহস্পতিবার সবাইকে বুঝিয়ে-সুঝিয়ে আসরটি ফ্লাড লাইটের আলোতে আয়োজনের সম্মতি পাওয়ার কথা জানালেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।
এখন অপেক্ষা হকিস্টিকের লড়াই উপভোগের। রোমাঞ্চের অনুভূতি নিয়ে ছয় দলের অধিনায়কও মাঠের লড়াইয়ে নামার ক্ষণ গুণছেন। একমি চট্টগ্রামের অধিনায়ক রেজাউল করিম বাবু যেমন জানালেন জয়ে শুরুর লক্ষ্য তাদের।
“এই লিগের মাধ্যমে হকির পরিবর্তন সম্ভব। প্রতিটি দল সমান। কেউ বলতে পারবেন না কোন দল এগিয়ে আছে। সবগুলোই হাইভোল্টেজ ম্যাচ। কাল প্রথম ম্যাচ, আমাদের লক্ষ্য জয় দিয়ে শুরু করা। এটা আমাদের ভালো অভিজ্ঞতা হবে। সাইফ পাওয়ারটেক নিয়ে আমাদের পাকিস্তানী কোচ ওয়াসিম বিশ্লেষণ করেছেন। আমরা রক্ষণাত্মক কৌশল নেব, তারপর পরিস্থিতি অনুযায়ী খেলব।”
মোনার্ক পদ্মা অধিনায়ক ইমরান হাসান পিন্টু তরুণদের পরামর্শ দিলেন সুযোগ লুফে নেওয়ার। প্রতিটি দলে মাত্র ১৮ জন খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকায় কিছুটা হতাশ তিনি।
“এটা আমাদের জন্য সুখবর। এখান থেকে অনেক নতুন খেলোয়াড় উঠে আসবে। জুনিয়রদের বলেছি ভালো জিনিসগুলো এখান থেকে লুফে নাও। বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের কাছ থেকে নতুন কিছু শেখার সুযোগ আছে। আমরা সেরা হকি খেলতে চাই।”
“খেলোয়াড় সংখ্যাটা বাড়ানো হলে দলগুলোর জন্য ভালো হতো। তাতে আরও বেশি খেলোয়াড় নতুন অভিজ্ঞতা নিতে পারত। স্বল্প সময়ে অনেকগুলো কঠিন ম্যাচ খেলতে হবে। এটা অবশ্যই কঠিন। এখানে সব দলই সমান, তারপরও অভিজ্ঞ দল হিসেবে আমরা নিজেদের এগিয়ে রাখব।”
পিন্টুর মতো মেট্রো এক্সপ্রেস বরিশাল অধিনায়ক রোমান সরকারও চিন্তিত টানা ম্যাচ খেলা নিয়ে।
“সবগুলো দলের ফিজিক্যাল কন্ডিশন ভালো। তারপরও স্বল্প সময়ে অনেক ম্যাচ খেলতে হবে। আমার মনে হয় স্কোয়াড বড় হলে তা সবগুলো দলের জন্যই ভালো হতো। খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ম্যাচগুলো খেলা যেত। কারণ, টাইট শিডিউলে ইনজুরি হওয়ার সম্ভাবনা প্রকট। সে ক্ষেত্রে বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে।”
সাইফ পাওয়ার খুলনার অধিনায়ক খোরশেদুর রহমান জানালেন প্রতিপক্ষ নিয়ে কাঁটাছেঁড়ার কাজ শেষ। পরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষায় তারা।
“ফরমেশন ও কৌশল নির্ধারণের বিষয়গুলো নিয়ে কোচিং স্টাফরা কাজ করছেন। একমির সঙ্গে প্রথম ম্যাচে প্রতিপক্ষ দলের পরিকল্পনা মোতাবেক আমরা খেলার (কৌশল সাজাব) চেষ্টা করব। বিপ টেস্ট ও তারপর অনুশীলন হয়েছে। আমরা সবাই ফিট। আমরা চাইব, দলের সমন্বয় বজায় রেখে ভাল হকি খেলতে।”
ওয়ালটন ঢাকা অধিনায়ক আশরাফুল ইসলামের চোখে ফেভারিট নয় কেউ। সব দলই শক্তিশালী বলে মনে করেন জাতীয় দলের এই ডিফেন্ডার।
“আমরা বরাবরই ভালো মানের ম্যাচ খেলার জন্য ফেডারেশনের কাছে দাবি জানাই। এখানে ভাল মানের বিদেশি খেলোয়াড় আসছে। তাদের পাশে থেকে আমরা ও জুনিয়ররা নতুন অভিজ্ঞতা অর্জন করব। এটা জাতীয় দলের খেলোয়াড়দের ম্যাচের অভিজ্ঞতা বাড়াতে সহায়তা করবে। ক্লাব পর্যায়ে খেলার সময় যে প্রতিদ্বন্দ্বিতা হয়, এখানেও সেইম প্রতিযোগিতা হবে।”
“ক্লাব পর্যায়ে বিদেশি খেলোয়াড় থাকলেও বিদেশি কোচিং স্টাফ থাকেন না। এখানে কিন্তু বিদেশি কোচিং স্টাফ পাচ্ছি, তাদের সঙ্গে কাজ করে নতুন অভিজ্ঞতা অর্জন করছি। যা জাতীয় দলেও আমাদের সহায়তা করবে।”
রূপায়ণ গ্রুপ কুমিল্লা অধিনায়ক সোহানুর রহমান সবুজ জানালেন এত দিনের প্রস্তুতি মাঠে মেলে ধরার অপেক্ষায় থাকার কথা।
“বিকেএসপিতে ভালো সুবিধা নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি। রূপায়ণ গ্রুপ আমাদের ভালো সুবিধা দিচ্ছে। আমরা তা কাজে লগিয়ে মাঠে ভালো খেলতে পারব বলে বিশ্বাস করি। এখানে সিনিয়র ও জুনিয়র মিশেলে গড়া দলগুলোর সঙ্গে মানসম্পন্ন বিদেশিও আছে। যাদের কম্বিনেশন ভালো হবে, তাদের এখানে ভালো করার সম্ভাবনা বেশি।”
প্রথম পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে দুইবার করে।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। জয়ী দল উঠবে ফাইনালে। পরের দুই দল মুখোমুখি হবে এলিমিনেটরে; এখানে জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে।
আগামী ১৭ নভেম্বর হবে ফাইনাল।
