২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লাটারকে নকল টাকা ছুড়ে মারলেন এক প্রতিবাদকারী

ফিফায় দুর্নীতির অভিযোগে সভাপতি জেপ ব্লাটারের দিকে নকল টাকা ছুড়ে মেরেছেন এক প্রতিবাদকারী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 01:30 PM

Updated : 12 Oct 2022, 04:04 PM

সোমবার জুরিখে ফিফার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন শুরুর আগে ব্লাটারের দিকে হঠাৎ নকল টাকা ছুড়ে মারা এই ব্রিটিশ নাগরিক একজন কমেডিয়ান। লি নেলসন নামে পরিচিত এই প্রতিবাদকারীর আসল নাম সাইমন ব্রডকিন।

উত্তর কোরিয়ার পতাকা বুকে নিয়ে আসা নেলসন ব্লাটারের মুখে টাকা ছুড়ে মারার আগে চিৎকার করে বলেন, "এটা উত্তর কোরিয়া ২০২৬-এর জন্য।"

২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক এখনও চূড়ান্ত হয়নি। টাকার বিনিময়ে উত্তর কোরিয়াকে আয়োজক করার প্রস্তাব দিয়ে ওই প্রতিবাদকারী ফিফার আয়োজক নির্বাচনে দুর্নীতির অভিযোগটাকেই তুলে ধরলেন।

আকস্মিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন ব্লাটার। দেখে মনে হচ্ছিল তিনি কাঁপছেন। তবে বিষয়টি সামলে উঠে নিরাপত্তাকর্মীকে ডাকেন ব্লাটার। সুইস পুলিশ নেলসনকে সরিয়ে নিয়ে যায়। আর ব্লাটারও ১০ মিনিটের জন্য সংবাদ সম্মেলন কক্ষ থেকে চলে যান।

গত মে মাসের শেষের দিকে পঞ্চম মেয়াদে ফিফার সভাপতি নির্বাচিত হন ব্লাটার। কিন্তু জয়ী হওয়ার চার দিন পরই ফিফার দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যে পদত্যাগ করার ঘোষণা দেন ১৭ বছর ধরে সংস্থাটির সভাপতির পদে থাকা ব্লাটার।

২৯ মে ফিফার নির্বাচনের দুই দিন আগেই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাত শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করে সুইস পুলিশ।

গ্রেপ্তারের ওই ঘটনার পর সুইস কর্তৃপক্ষ ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে ফৌজদারি তদন্ত শুরু করে।

সুইস ফেডারেল অফিস অব জাস্টিস সেসময় জানায়, ওই কর্মকর্তারা নব্বইয়ের দশক থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় ১০ কোটি ডলার ঘুষ হিসেবে নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।