২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির অতিরিক্ত সমালোচনা পছন্দ নয় মারাদোনার

লিওনেল মেসিকে নিয়ে অতিরিক্ত সমালোচনা সহ্য হচ্ছে না দিয়েগো মারাদোনার। তবে তারকা এই ফরোয়ার্ডকে নিয়ে বাড়াবাড়ি করা থামানোর সময়ও এসে গেছে বলে মনে করেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ও কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 09:19 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

আর্জেন্টিনার পত্রিকা ওলের সঙ্গে কথা বলার সময় মেসির গঠনমূলক সমালোচনা করেন মারাদোনা। তবে কোপা আমেরিকার শিরোপা জিততে না পারার পর যারা অন্যায়ভাবে মেসিকে দোষারোপ করছে তাদের ওপর এক হাত নেন ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জেতানো মারাদোনা।

“কেউ যদি তার (মেসির) উন্নতির উদ্দেশ্য নিয়ে সমালোচনা করে তাহলে ভালো। তবে তার জাতীয় দলে খেলা উচিত বা উচিত নয় বলে যদি জনমত জরিপের আয়োজন করে, তাহলে এটা ভুল।”

মেসিকে নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক নয় বলে মনে করেন মারাদোনা।

“জাতীয় দলের জার্সি পরা আর সব খেলোয়াড়ের মতো একরকম ভাবে মেসিকে দেখতে হবে।”

চিলির কাছে ফাইনালে টাইব্রেকারে ৪-১ গোলে হেরে কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে আর্জেন্টিনার। মেসি পুরো টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে মাত্র একটি গোল করেন। এরপর অনেকেই মেসির সমালোচনা করেন।

কোনো সূত্র উল্লেখ না করেই আর্জেন্টিনার গণমাধ্যমে বলা হয়, মেসি জাতীয় দলে না খেলার কথা ভাবছেন। এই প্রতিবেদনগুলোর সঙ্গে এ নিয়ে জরিপও জুড়ে দেওয়া হয়।

মারাদোনা আর্জেন্টিনার কোপা আমেরিকার ব্যর্থতার পেছনে দেখছেন অন্য কারণ।

“আমাদের দলটি ছিল আক্রমণাত্মক। কিন্তু আপনি যদি আক্রমণ না করেন, তখন আরেকটি পরিকল্পনা থাকা দরকার ছিল।”

মারাদোনা কোচ ও তার সহকারীদের নয়, খেলোয়াড়দের মানসিকতার দোষ দেন।