কাপেল্লোকে ছাঁটাই করল রাশিয়া
রাশিয়ার ফুটবল ইউনিয়ন (আরএফইউ) জাতীয় দলের কোচ ফাবিও কাপেল্লোর সঙ্গে চুক্তি বাতিল করেছে।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত দেশটির জাতীয় দলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ ছিলেন কাপেল্লো। তবে চুক্তি শেষ হওয়ার তিন বছর আগেই ইতালির এই কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল দেশটি।
২০১২ সালের জুলাইয়ে কোচ হিসেবে যোগ দেওয়া কাপেল্লোর অধীনে ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের গ্রুপে সেরা হয় রাশিয়া। কিন্তু ব্রাজিলে হওয়া ওই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে ইউরোপের দলটি।
আরএফইউ কাপেল্লোর উত্তরসূরির নাম এখনও জানায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী রাশিয়ার শীর্ষস্থানীয় ক্লাব সিএসকেএ মস্কোর কোচ লিওনিদ স্লাতস্কিকে কাপেল্লোর জায়গায় দেখা যেতে পারে।
